২১ হাজার শিক্ষার্থীর জন্য ৫৩৯টি শয্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থীর জন্য ৫৩৯টি শয্যার পাঁচটি হোস্টেল রয়েছে। এর মধ্যে ছাত্রদের জন্য তিনটি এবং ছাত্রীদের জন্য দুটি। ছাত্রদের জন্য শহীদ শামসুজ্জোহা মুসলিম হলে ১৪৫টি শয্যা, কামাল উদ্দিন ছাত্রাবাসে ১০০টি, সনাতন ছাত্রাবাসে ৫৬টি, মেয়েদের পুরোনো ছাত্রীনিবাসে ১০০টি এবং নতুন ছাত্রীনিবাসে ৯৬টি শয্যা রয়েছে।আবাসিক হোস্টেলগুলোতে রয়েছে বহিরাগতদের অত্যাচার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বহিরাগত সন্ত্রাসীরা কলেজের আবাসিক হলগুলোতে অবস্থান করে।নাম প্রকাশ না করার শর্তে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্র জানান, যখন যে সরকার ক্ষমতায় আসে, তখন ওই দলের নেতারা এডওয়ার্ড কলেজের হোস্টেলগুলো দখল করেন। তাঁদের কার্ড খেলা, নেশা করা—সব কাজই চলে এসব হোস্টেলে। অনেক সময়ই নেতারা ছাত্রদের কাছ থেকে চাঁদা নেন এবং মারধর করেন। এসব বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোনো দিন খোঁজখবর নেয় না। কয়েকজন শিক্ষক কলেজে প্রভাব বিস্তারের জন্য এসব নেতাদের আশ্রয় দেন। এতে কলেজের আবাসিক হোস্টেলগুলোতেও ছাত্ররা শান্তিতে থাকতে পারে না।কলেজ হোস্টেল ও বাস-সুবিধার বাইরে প্রায় সবাইকেই মেসে থাকতে হচ্ছে। এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এই বিশাল শিক্ষার্থীর ভান্ডার নিয়ে শহরের রাধানগর, শালগাড়ীয়া, সিঙ্গা, পৈলানপুরসহ বেশ কিছু এলাকায় গড়ে উঠেছে মেসের রমরমা ব্যবসা। এসব এলাকার প্রতিটি বাড়ি একটি করে মেসে পরিণত হয়েছে। মেস তৈরির কোনো নিয়মনীতি না থাকায় অপরিকল্পিতভাবে এসব মেস তৈরি হয়েছে। এতে নানা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে শিক্ষার্থীদের।কলেজের জীববিজ্ঞান বিভাগের ছাত্র রুবেল হোসেন জানান, শহরের মেসগুলোয় সমস্যার অন্ত নেই। না আছে গোসল ও খাওয়ার শান্তি, না আছে লেখাপড়ার। মেসের একটি টয়লেট ৫০ জন মিলে ব্যবহার করতে হয়। প্রতিমাসে মেস ভাড়া ও খাওয়া খরচ দিয়ে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। প্রাইভেট পড়া, কলেজের বেতন সব মিলিয়ে পেরে ওঠা সম্ভব হয় না। তার পর নেতাদের চাপ তো রয়েছেই।এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রহমান বলেন, ‘এত বড় কলেজে একটু সমস্যা তো হয়ই। তবে ছাত্ররা আমাদের কাছে এমন কোনো অভিযোগ এখনো করেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।’ নতুন আবাসন তৈরি বিষয়ে তিনি বলেন, সরকারিভাবে নতুন আবাসন তৈরির জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলেই কলেজের আবাসনের সমস্যা দূর হয়ে যাবে।