সমুদ্রসীমায় নিরাপত্তা টহল বাড়ছে
২১টি নৌযানের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে আসছে মার্চে
নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য ২১টি নৌযানের প্রথম চালান চলতি ফেব্রুয়ারি মাসেই যুক্তরাষ্ট্র থেকে রওনা দিচ্ছে। দেশের সমুদ্রসীমার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে এসব নৌযান সংগ্রহ করা হচ্ছে। একাধিক চালানের মাধ্যমে এসব নৌযান বাংলাদেশে এসে পৌঁছাবে বলে নৌবাহিনী ও মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে।প্রথম চালানটি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রওনা দিয়ে বাংলাদেশে এসে পৌঁছাবে মার্চ মাসে। ২০০৯ সালের শেষ দিকে এসব নৌযান আসার কথা থাকলেও তিন মাস বিলম্বে প্রথম চালানটি আসছে।প্রসঙ্গত, স্বাধীনতার পর প্রায় দুই দশক বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সামরিক সহায়তা পায়নি। নব্বইয়ের দশকে চারটি জেট ইঞ্জিন ও টি৩৭বি মডেলের ১২টি প্রশিক্ষণ বিমান দেয় যুক্তরাষ্ট্র। ২০০১ সালে সি১৩০বি মডেলের চারটি কার্গো এয়ারক্রাফটই ছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় সামরিক সহায়তা। এর প্রায় ১০ বছর পর নতুন এই ২১টি নৌযান যুক্ত হলে বাংলাদেশের জন্য এটি হবে দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়তা।প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হলে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়, এসব নৌযান বাংলাদেশের সমুদ্রসীমায় টহল দেওয়ার ক্ষমতা বাড়াবে। বাংলাদেশে নিরাপত্তা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রতিশ্রুতির অংশ হিসেবে অনুদানের অর্থে এই সহায়তা দেওয়া হচ্ছে।জানা গেছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিভিন্ন দেশে জঙ্গি হামলা মোকাবিলায় মিত্র দেশগুলোর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর চিন্তাভাবনা শুরু করে। চার বছর নানা পর্যালোচনার পর ২০০৫ সালে পররাষ্ট্র দপ্তরের সম্মতি পায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ২০০৬ সালে বিদেশে কার্যক্রমের বিলে এটি অন্তর্ভুক্ত করা হয়। চলতি মার্কিন ২০০৯-১০ মার্কিন অর্থবছরের (অক্টোবর থেকে সেপ্টেম্বর) জন্য পররাষ্ট্র দপ্তর দেশটির আইনসভা কংগ্রেসের কাছে বাংলাদেশের জন্য ১৬ কোটি ১৫ লাখ ডলার বা এক হাজার ১১৪ কোটি টাকা সাহয়তা চায়, যা ইতিমধ্যে কংগ্রেস অনুমোদন করেছে। এই প্রস্তাবে বাংলাদেশকে ২১টি নৌযান দেওয়ার প্রসঙ্গটি মার্কিন কংগ্রেসকে অবহিত করা হয়।অনুসন্ধানে জানা যায়, ২০০৩ সালে মার্কিন কোস্টগার্ড ‘ডিফেন্ডার ক্লাস’ নৌযান প্রবর্তন করে। সমুদ্রসীমায় নিয়মিত টহল, অনুসন্ধান, পুনরুদ্ধার, বন্দর নিরাপত্তা এবং আইন প্রয়োগের কাজে এসব নৌযান ব্যবহূত হয়। এগুলো ২২৫ হর্স পাওয়ার হোন্ডা ইঞ্জিন দ্বারা চালিত। ঘণ্টায় সাধারণ গতিবেগ ৪৫ নটিক্যাল মাইল। তবে প্রয়োজনে ১০৫ থেকে ১৫০ নটিক্যাল মাইল গতিবেগে চলতে পারে এসব নৌযান। নৌযানের সামনে ও পেছনে এম৬০ ও এম২৪০ মেশিনগান অস্ত্রে সজ্জিত। তবে নৌযানের উন্নত সংস্করণে সামনের দিকে দুটি এম২৪০বি মেশিনগান এবং পেছনের দিকে দশমিক ৫০ ক্যালিবার এম২এইচবি মেশিনগান থাকে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও এই মেশিনগান ব্যবহার করে থাকেন। ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনী এই মেশিনগান বর্তমানে ব্যবহার করছে।ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফিস এ ধরনের ২০০ নৌযান সংগ্রহ করেছে। এ থেকেই বাংলাদেশকে ২১টি নৌযান দেওয়া হচ্ছে। বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি দল ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসব নৌযান পরিচালনার প্রশিক্ষণ নিয়ে এসেছে।নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদুল আনাম খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের নদী ও সমুদ্রসীমা বেশ অরক্ষিত। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এই দুর্বলতা কাজে লাগাতে পারে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে। ২১টি নৌযান তারই অংশ হিসেবে আসছে। তিনি বলেন, এসব নৌযান বাহিনীর বহরে যুক্ত হলে দুটি কাজ হবে—সমুদ্রসীমায় নিয়মিত নিরাপত্তা টহল-ব্যবস্থা আরও সুদৃঢ় হবে; অন্যদিকে আমাদের সমুদ্রসীমা ব্যবহার করে যাতে কোনো সন্ত্রাসী তত্পরতা চালিত না হয়, তার প্রতি নজরদারি বাড়বে বলে তিনি মনে করেন।