২১০ কোটি টাকার জলবায়ু অভিযোজন প্রকল্প শুরু হচ্ছে
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ২১০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে একটি নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে। ২০১১ সালের জানুয়ারি থেকে ‘কো-ম্যানেজমেন্ট অব ইকোলজিক্যাল ল্যান্ডস্কেপস ফর অ্যাডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ’ নামের এই প্রকল্পটি শুরু হওয়ার কথা। গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাতের সময় ইউএসএআইডির একটি প্রতিনিধিদল এ কথা জানিয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় পরিবেশসংক্রান্ত আইনের উন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিজনিত অভিযোজন ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে বলে তারা জানায়।প্রতিনিধিদলটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় যে ১৮টি স্বল্পোন্নত দেশকে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে, তাতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দেশগুলোর মধ্যে ১২টি দেশের সংক্ষিপ্ত তালিকায়ও বাংলাদেশ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা এবং পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুতি থাকায় বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মার্কিন সরকারের কাছ থেকে দীর্ঘমেয়াদে সহায়তা পাবে। ইউএসএইডের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক ডেনিস শর্মা এসময় প্রতিমন্ত্রীকে জানান, ওবামা প্রশাসন স্বল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ‘সাপোর্ট সার্ভিসেস ফর লো এমিশন ডেভেলপমেন্ট’ (এসএসএলইডি) নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায়ই বাংলাদেশসহ উল্লিখিত ১৮টি দেশকে সহায়তা দেওয়া হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ইউএসএইডের উদ্যোগের প্রশংসা করেন। বৈঠকে পরিবেশ সচিব মিহির কান্তি মজুমদার ও ইউএসএইডের উপপরিচালক মার্ক ভিসোকিও উপস্থিত ছিলেন।গত এক দশক ধরে ইউএসএইড এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনায় সহ-ব্যবস্থাপনা মডেলে কাজ করছে।