২১৫টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই
নড়াইলে ২১৫টি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। তবে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সরকারিভাবে সাতটি গ্রামের নামের তালিকা প্রতিবছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়ে থাকে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নড়াইলের ২১৫টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এর মধ্যে সদর উপজেলায় ৮৩টি, লোহাগড়ায় ৪৯টি এবং কালিয়া উপজেলায় ৮৩টি রয়েছে। তবে সরকারের নীতিমালা অনুযায়ী, দুই হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা সাতটি। গ্রামগুলো হলো: সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী, মাইজপাড়া ইউনিয়নের উড়ানি দুর্গাপুর ও মালিডাঙ্গা, শাহাবাদ ইউনিয়নের জুড়ুলিয়া, লোহাগড়ার লক্ষ্মীপাশা ইউনিয়নের গোপীনাথপুর ও রাজুপুর এবং কালিয়ার পিড়োলী ইউনিয়নের শীতলবাটি। এই সাতটি গ্রামের নামের তালিকা প্রতিবছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়ে থাকে।জেলায় ২৮৭টি সরকারি ও ১৭৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চলতি বছরে শিশু জরিপের তথ্যানুযায়ী জানা গেছে, নড়াইলে শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত শিশুর সংখ্যা দুই লাখ ৪০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে তিন থেকে পাঁচ বছর বয়সের শিশুরা স্কুলে যায় ২২ হাজার ৮৯৩ জন। ছয় থেকে ১০ বছর বয়সের শিশুরা স্কুলে যায় ৯৬ হাজার ১৮২ জন। ৬ থেকে ১০ বছর বয়সের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (প্রতিবন্ধী শিশু) স্কুলে যায় ৮৯১ জন।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, সদর থানায় বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা চারটি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিবছর বিদ্যালয়বিহীন গ্রামের নামের তালিকা চায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক চান্দু মিয়া বলেন, এ গ্রাম থেকে প্রায় তিন মাইল দূরে পিড়োলী বাজারে একটি স্কুল আছে। গ্রামের বেশির ভাগ ছেলেমেয়ে ওই স্কুলে যায় না। অথচ স্কুলে যাওয়ার উপযুক্ত প্রায় এক হাজার শিশু-কিশোর এ গ্রামে আছে।কালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, শীতলবাটি বেশ বড় গ্রাম। এখানকার বেশির ভাগ ছেলেমেয়ে স্কুলে যায় না। গ্রামে বিদ্যালয় স্থাপনের ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে কোনো প্রস্তাবও আসেনি। প্রস্তাব এলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো যাবে।লোহাগড়ার গোপীনাথপুর গ্রামের চাকরিজীবী আশরাফ হোসেন বলেন, এ গ্রামের কিছু ছেলেমেয়ে ভর্তি হলেও প্রতিদিন স্কুলে যায় না। বেশির ভাগ ছেলেমেয়ে খেলাধুলা আর হইহুল্লোড়ে মেতে থাকে। আবার অনেকে ভ্যান-রিকশা চালায় অথবা ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করে। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে অবশ্যই বিদ্যালয়বিহীন গ্রামগুলোর ব্যাপারে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের এগিয়ে আসা উচিত।্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, জেলায় ২১৫টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, এ কথা সত্য। এসব গ্রামের প্রায় ১০ হাজার শিশু-কিশোর শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তবে বিদ্যালয়বিহীন পাশাপাশি দুটি কিংবা তিনটি গ্রামের জন্য একটি বিদ্যালয় স্থাপন করা যেতে পারে।