২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে উদযাপনে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দিবসটি পালনে দাপ্তরিক প্রজ্ঞাপন জারির নির্দেশ কেন দেওয়া হবে না— তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আজ রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, যোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। দিবসটি পালনের নির্দেশনা চেয়ে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এই রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। জানা যায়, ২০০২ সালে ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল ২২ অক্টোবর দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। ২০১১ সালে আন্তমন্ত্রণালয়ের বৈঠকেও তা অনুমোদন পায়। প্রধানমন্ত্রীও এতে সম্মতি দেন। এরপরও দিবসটি পালনে পদক্ষেপ না দেওয়ায় এই রিটটি করা হয়।