২২ আইনজীবীর ১০ দিনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জজ আদালতে ভাঙচুরের ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিনসহ ২২ আইনজীবীর ১০ দিনের জামিন দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনা দুঃখজনক জানিয়ে করা পৃথক দুটি জামিনের আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২১ মে আদালত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন আদালত বর্জন, কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। ওই মিছিল থেকে আদালতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ মে রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মকবুল হোসেন দ্রুত বিচার আইনে এ মামলা করেন। মামলায় ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে এবং আদালত এলাকায় তাণ্ডব চালিয়ে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়। মামলায় বিরোধী দল সমর্থক ২৯ আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়। ২৩ মে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওই মামলায় ৩১ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গতকাল সকালে এ মামলায় ২২ আইনজীবীর পক্ষে পৃথক দুটি জামিন আবেদন আদালতে দাখিল করা হয়। আদালত বেলা দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন। সকাল থেকে জামিন আবেদনকারী আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে জড়ো হতে থাকেন। দুপুরে শুনানি নিয়ে আদালত ১০ দিনের জামিন মঞ্জুর করেন।আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সমিতির সম্পাদক মোহাম্মদ মোমতাজ উদ্দিন মেহেদী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। এ সময় আবেদনকারীরা ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী, এম বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল, রাগিব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আদেশের পর জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ওই ঘটনার সঙ্গে আইনজীবীরা সম্পৃক্ত নন। ২৯ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। কারও নাম দুইবারও রয়েছে। এমনকি নাম রয়েছে অথচ ওই নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে ২২ জনের জামিন আবেদন করা হয়। তিনি বলেন, ‘আমরা আদালতকে বলেছি ওই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বার ও বেঞ্চের সম্পর্কের স্বার্থে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সচেষ্ট থাকব। আদালত ১০ দিনের আগাম জামিন মঞ্জুর করেছেন।’ শুনানিতে জয়নুল আবেদীন বলেন, ‘আদালতের এক কর্মকর্তা একটি এজাহার দাখিল করতে যান। ওখানে কারও নাম ছিল না। পুলিশ সেই মামলাটি না নিয়ে পরে শীর্ষস্থানীয় আইনজীবীদের বিরুদ্ধে নিজেরা মামলা করে। এই মামলায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে চেম্বার ও বাসায় অভিযান চালাচ্ছে। এ পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে জামিন চাইছি।’ একপর্যায়ে আদালত বলেন, ‘সেখানে একটি অকারেন্স (ঘটনা) ঘটেছে। এতে কোনো সন্দেহ নেই। এর সঙ্গে কে জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয়। আমরা সবাই আদালতে আছি। আদালতই আমাদের আশ্রয়। এ ধরনের ঘটনা বন্ধ করতে হবে।’ জয়নুল আবেদীন বলেন, ‘এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।’ রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ‘এর আগে ছয় নম্বর আদালতেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেখানে যাঁরা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাঁদের অধিকাংশই হাইকোর্টের তালিকাভুক্ত আইনজীবী নন। তাঁদের ওই আদালতে গিয়েই সরি বলতে হয়েছে—এটাই নিয়ম।’ জয়নুল আবেদীন বলেন, ‘আদালতে যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা আবার ঘটুক এটা কারও কাম্য নয়। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়টি আমরা দেখব।’ একপর্যায়ে আদালত বলেন, ‘আপনারা রিগ্রেট (দুঃখজনক) কথাটি উল্লেখ করেননি।’ এ পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে রিগ্রেট কথাটি উল্লেখ করে আবেদন সংশোধন করে দেওয়া হয়। পরে আদালত আদেশ দেন।