২২ আইনজীবীর ১০ দিনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জজ আদালতে ভাঙচুরের ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিনসহ ২২ জনের ১০ দিনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় মামলার আসামি আইজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।আইনজীবীদের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও মোমতাজ উদ্দিন মেহেদী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি নিয়ে বেলা আড়াইটার দিকে এ আদেশ দেন।সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন আবেদনটি উপস্থাপন করেন। সঙ্গে ছিলেন সমিতির সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদী।গত সোমবার আদালত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার আদালত বর্জন এবং কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। ওই মিছিল থেকে আদালতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মকবুল হোসেন দ্রুত বিচার আইনে এ মামলা করেন। মামলায় ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে এবং আদালত এলাকায় তাণ্ডব চালিয়ে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়। মামলায় বিএনপি-সমর্থিত ২৯ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে।গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম এ মামলায় ৩১ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন—ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, খোরশেদ আলম, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকি, আবদুল নূর ভূঁইয়া, আবদুল খালেক, জালাল আহমেদ, হেলাল উদ্দিন, নুরুজ্জামান, জীবন, মাসুদ রানা, মাহমুদুর রহমান, মজিবর, দিদার (ছোট), দিদার (বড়), নুরুজ্জামান, হেলাল, কামাল হোসেন, মনির, ফারদিন, জ্যাকব, এরশাদুল হক, জামাল আলী মিয়া, পাপ্পু, মিলনসহ অজ্ঞাত ৭০ জন।