২২ ইটভাটা ও ২০ করাত কল বন্ধের নির্দেশ
চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনের পাশে থাকা ২২টি ইটভাটা ও ২০ করাত কলে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, বিভাগীয় বন কর্মকর্তা ও লোহাগাড়ার নির্বাহী কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে এগুলো বন্ধ করতে এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসককে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে দাখিল করতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার মির্জা হুসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এসব নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। ১২ ডিসেম্বর ‘সংরক্ষিত বনের পাশে ২২ ইটভাটা ২০ করাত কল’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদনটি করে। আজ এ আবেদনের ওপর শুনানি হয়।সংরক্ষিত বনের পাশে এসব স্থাপনা নির্মাণ ও তাদের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। এসব ইটভাটা ও করাত কলের কার্যক্রম বন্ধেও কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।পরিবেশ, ভূমি, শিল্পসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ ১১ বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার মামলা পরিচালনা করেন। পরে ইকবাল কবির প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত রুল জারি করেছেন এবং তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে ইটভাটা ও করাত কলগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। ফরেস্ট অ্যাক্ট ১৯২৭ ও করাত কল বিধিমালা ১৯৯৮ অনুসারে সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা ও ১০ কিলোমিটারের মধ্যে করাত কল স্থাপন করা যায় না। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।