২২ ইটভাটা ও ২০ করাতকল স্থায়ীভাবে বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাশে গড়ে ওঠা অননুমোদিত ২২টি ইটভাটা ও ২০টি করাতকল স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব স্থাপনায় পরিচালিত কার্যক্রম অবৈধ ঘোষণা করে আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে আদালত এক মাসের মধ্যে ওই সব ইটভাটা ও করাতকল অন্যত্র সরিয়ে নিতে বা স্থানান্তর করতে নির্দেশ দিয়েছেন। ২০১১সালের ১২ ডিসেম্বর ‘সংরক্ষিত বনের পাশে ২২ ইটাভাটা, ২০ করাতকল’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একটি রিট আবেদন করে। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি ওই সব করাতকল ও ইটভাটা বন্ধ রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। ইটভাটা ও করাতকলের পক্ষে ছিলেন আইনজীবী মো. মোস্তফা ও নিজামুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. আল আমিন সরকার। ইকবাল কবির প্রথম আলো ডটকমকে বলেন, পরিবেশ, সংরক্ষিত বন ও জীববৈচিত্র্য রক্ষায় হাইকোর্ট ২২টি ইটভাটা ও ২০টি করাতকল স্থায়ীভাবে বন্ধ করতে চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতি নির্দেশ দিয়েছেন। ফরেস্ট অ্যাক্ট-১৯২৭ ও করাতকল বিধিমালা-১৯৯৮ অনুসারে সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা ও ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যায় না।