২২ এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলায় দায়ের করা হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ২২ এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম আজ বুধবার এ তারিখ নির্ধারণ করেন।আজ আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার এ আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দের জমা দেওয়া আবেদনে বলা হয়, অধিকতর তদন্তে তথ্য পাওয়া গেছে যে হামলায় ব্যবহূত গ্রেনেড পাকিস্তান থেকে চট্টগ্রামে আনা হয়। চট্টগ্রামের কোথায় কীভাবে এসব গ্রেনেড খালাস করা হয় এবং তা কীভাবে ঢাকা পৌঁছানো হয়—এখন তা বের করার চেষ্টা চলছে। এ জন্য আরও ৪৫ দিন সময় দরকার। আদালত ২২ এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এর আগে গত ৭ মার্চ আদালত এ মামলার সর্বশেষ সময় বর্ধিত করেছিলেন। তখন ১৫ দিন সময় বর্ধিত করে প্রতিবেদন দেওয়ার জন্য আজ ২৩ মার্চ সময় নির্ধারণ করেন। ১ মার্চ পৃথক আদালত একই ঘটনায় দায়ের করা অপর মামলাটির (বিস্ফোরক আইনে) প্রতিবেদন দেওয়ার তারিখ ৪ এপ্রিল নির্ধারণ করেন। ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা গ্রেনেড আলামত হিসেবে সংরক্ষণ না করে, কেন ধ্বংস করা হলো, এসব বিষয়ে রহস্য উদ্ঘটনের জন্য অধিকতর তদন্তের আবেদন করেন। ওই বছরের ৩ আগস্ট আদালত দুই মাসের সময় বেঁধে দিয়ে অধিকতর তদন্তের আদেশ দেন। অবশ্য এরপর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিভিন্ন দফায় আরও সময় বর্ধিত করেছেন। সিআইডির প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জঙ্গিনেতা মাওলানা শেখ আবদুস সালাম, আবদুল মজিদ ভাট, বিএনপির নেতা আরিফুল ইসলাম, লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক ও আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লে. কমান্ডার (অব.) মিজানুর রহমান, লে. কর্নেল (অব.) আফজাল নাছির ভূঁইয়া, মেজর মনিরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) সাদেক হাসান, অতিরিক্ত আইজিপি এস এম মিজানুর রহমান, জঙ্গি মাজেদ ভাটের স্ত্রী মনোয়ারা সুলতানা এবং শাশুড়ি নাহিদ লায়লা আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ মেজর আতিক জবানবন্দি দেন। আবার জঙ্গিনেতা শেখ আবদুস সালাম ও মজিদ ভাট ছাড়াও মুফতি মঈন উদ্দিন শেখ, আবদুল মালেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ জন্য সময় প্রয়োজন।