২২ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক সমাবেশ
জাতীয় শিক্ষানীতি ২০১২ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ২২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সমিতির সভাপতি মো. নূরুজ্জামান আনসারী। এতে বর্তমান সরকারের শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের আলাদা বেতন স্কেল, সরকারি অনুদান পাওয়া রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি সরকারীকরণের ঘোষণাসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়। এ সময় নূরুজ্জামান জানান, আগামী ১ ও ২ ডিসেম্বর কালো ব্যাজ ধারণ, ১৭ ও ১৮ ডিসেম্বর সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক ঘণ্টা এবং ১৯ ও ২০ ডিসেম্বর দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা। এ ছাড়া মৌলভীবাজার জেলার বাঘাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রবীন্দ্র কুমার সিংহ ও ঠাকরগাঁও জেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ আলীর হত্যাকারীদের শাস্তির দাবি জানান শিক্ষক নেতারা।