বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে করা মামলায় রাজধানীর পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জন সদস্যকে আত্মপক্ষ সমর্থন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সময় দিতে আগামী ২২ নভেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।এর আগে আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬-এ হাজির করা হয়।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আদালতের অপর সদস্যরা ছিলেন লে. কর্নেল নুরুল আলম ও মেজর মোহাম্মদ আলী মোসতাইন খান। অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ, প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল এস এম এ আল মূঈদ এবং বিশেষ প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল, শাহনেওয়াজ টিপু ও মুনজুর আলম আদালতে উপস্থিত ছিলেন।বিচারকাজের শুরুতেই আদালতের সভাপতি আসামিদের উপস্থিতি নিশ্চিত করেন এবং তাঁদের প্রত্যেকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগনামা ও আদালতের নির্দেশ কপি পেয়েছেন কি না তা নিশ্চিত করেন।এরপর প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বর্ণনা করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁদের প্রত্যেককে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগনামার পক্ষে সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্যের সারসংক্ষেপ সরবরাহ করার নির্দেশ দেন।গতকাল এই ২৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন হাসপাতাল ইউনিটের নায়েক সুবেদার নান্নু মিয়া। তিনি বলেন, বিডিআর বিদ্রোহে এই ইউনিটের ২৫৬ জন সদস্য অংশ নেন। তাঁদের মধ্যে ৯০ জন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা মামলায় এখন কারারুদ্ধ। আর বাকি ১৬৬ জন ইউনিটে কর্মরত আছেন। তিনি তাঁদের গ্রেপ্তারের আবেদন জানান। প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। পরে দেশের অন্য স্থানেও এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে।