২২ ফেব্রুয়ারি বিএনপির বিক্ষোভ সমাবেশ
ঢাকায় বিএনপির মিছিলে লাঠিপেটার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ওই দিন বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। আজ শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদল, বিএনপির ওপর হামলা-মামলা ও খালেদা জিয়ার নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনকালে পুলিশ ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করে। তিনি এ ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের ‘অন্যায়’ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে চায়। কিন্তু সরকার বিএনপিকে উসকে দিয়ে আন্দোলনে নামতে বাধ্য করতে এবং সাধারণ মানুষের দৃষ্টি অন্যত্র নিয়ে যেতে চায়। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে বাধা দেওয়া হলে তাঁরা হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি এবং আহতের চিকিত্সার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।