২২ বছর ধরে নাশতায় নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ১ নম্বর মোড়ে ৫৪ গুলশান এভিনিউয়ে মল্লিকা স্ন্যাকসের দোকানটায় সারা দিনই ভিড় লেগে থাকে। ভেতরে জায়গা একটু কম। তাই বসে খাওয়ার চেয়ে নিয়ে যাওয়ার লোকই বেশি। সন্ধ্যার দিকে অবিরাম ফরমায়েশের চোটে দোকানের কর্মচারীদের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। ১৯৯৩ সালে গুলশানে এলেও মল্লিকা স্ন্যাকসের সূচনা হয় ফার্মগেটে প্রায় ২২ বছর আগে। বলতে গেলে ঢাকা শহরের প্রথমদিককার ফাস্ট ফুড দোকানগুলোর একটা এটি।মল্লিকায় খাবার বলতে এলে সবই হালকা নাশতা। কিন্তু লোকজন তৃপ্তি নিয়ে পেট ভরে খায়। কেননা, প্রতিটি পদই সুস্বাদু। যেমন ধরা যাক ফ্রায়েড চিকেনটার কথা। এ পদ আজকাল ঢাকা শহরের অনেক ফাস্ট ফুডের দোকানেই মেলে। কিন্তু মল্লিকা স্ন্যাকসের চিকেন ফ্রাইটা যে একটু আলাদা, সেটা আপনি টের পাবেন, প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই। বেশ বড়সড় দুই টুকরো মুরগি, এক মুঠ ফ্রেঞ্চ ফ্রাই আর দুই টুকরো পাউরুটি মেলে ৯০ টাকায়। তার সঙ্গে থাকে সস আর মেয়নেজ।শুধু ফ্রায়েড চিকেনই নয়, স্পেশাল চিকেন চিজ বার্গার কিংবা স্যান্ডউইচটাও অসাধারণ হয়। আর আছে জাম্বো বার্গার। তলার ওপর তলা দিয়ে তৈরি হয় এ বার্গারটা। ভেতরে থাকে চিকেন স্টেক বা প্যাটি, ওপরের তলায় থাকে চিকেন কিমা আর তার ওপরে থাকে শসা লেটুস আর টমেটোর পরত। চাইলে ভেজিটেবল বার্গারটাও খেয়ে দেখতে পারেন। শসা, গাজর, টমেটো, লেটুস, ক্যাপসিকাম আর বিটের কুচির সঙ্গে অল্প-স্বল্প মেয়নেজ মাখিয়ে তৈরি হয় ভেজিটেবল বার্গার। এ বার্গারটা ঠান্ডা পরিবেশন করা হয় বলে খেতে অন্য রকম লাগে।মল্লিকার প্রায় সব খাবারের সঙ্গেই থাকে ফ্রেঞ্চ ফ্রাই। এখানকার ফ্রেঞ্চফ্রাইটাও বেশ ভালো। বাইরেটা মচমচে আর ভেতরটা সরেস। পরিবেশনের আগে ওপরে সামান্য বিট লবণ ছিটিয়ে দেওয়া হয়।শুধু ফাস্ট ফুড নয়, চটপটি আর ফুচকাও পাওয়া যায় এখানে। মল্লিকার চটপটি ফুচকার সুনাম গুলশানজুড়ে ছড়িয়ে আছে। একবার খেয়ে বারবার ফিরে আসতে হয় এখানে। অন্তত মাহবুব বাসেত আর সাবিহা সুলতানা মনীষার কথা শুনে তাই মনে হলো। তাঁরা এখন থাকেন নাইজেরিয়ায়। দেশে এসেছেন দিনকয়েকের জন্য। মাহবুব বলছিলেন, ‘মল্লিকার চটপটি, ফুচকা এত ভালো লাগে যে দেশে এলে এখানে চটপটি খাওয়ার জন্য চলে আসি।’ তাঁর স্ত্রী সাবিহা সুলতানাও বললেন একই কথা, ‘আমার কাছে ওদের ফুচকাটা খুব ভালো লাগে, দেশে থাকতে প্রচুর খাওয়া হতো এখানে।’মল্লিকা স্ন্যাকসের অন্যতম কর্ণধার রতন মোল্লা বলেন, ‘প্রথম যখন এই এলাকায় দোকান খুলি, তখন সারা দিনে দুইটা বার্গারও বিক্রি হতো না। আস্তে আস্তে মানুষ এসব খাবারে অভ্যস্ত হয়েছে। এখন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ভিড় লেগে থাকে। কাস্টমারকে খাবার দিয়ে কুল করতে পারি না। তাই বলে খাবারের মান আর দোকানের পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে কোনো দিন আপস করিনি। কম দামের মধ্যে সবচেয়ে ভালোভাবে খাইয়ে সন্তুষ্ট করার চেষ্টা করি। সে জন্যই আমাদের গ্রাহক ঘুরে ফিরে বারবার আসে।’