২২ বছর পর প্রধান শিক্ষক পদে ফিরলেন মোহাম্মদ আলী
হাইকোর্টের রায়ে দীর্ঘ ২২ বছর পর ১৭ জানুয়ারি নিজ পদে পুনর্বহাল হলেন মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। সম্প্রতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে নিজ পদে পুনর্বহালের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন। জানা যায়, ১৯৮৭ সালের ১১ জুলাই মোহাম্মদ আলী স্বার্থান্বেষী মহলের ইন্ধনে অস্ত্রের মুখে প্রধান শিক্ষক পদে ইস্তফা দিতে বাধ্য হন। তিনি এ বিষয়ে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসক বরাবরে বিভিন্ন সময়ে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্য বকেয়া বেতন ও অন্যান্য ভাতা-সুবিধাসহ মোহাম্মদ আলীকে প্রধান শিক্ষক পদে পুনর্বহালের আদেশ দিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু স্কুল পরিচালনা কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত তা খারিজ করে দেন ২০০৭ সালের ৩১ জানুয়ারি। ফলে পুনর্বহালের আদেশ বহাল থাকে। আদেশ বাস্তবায়নের জন্য মোহাম্মদ আলী শিক্ষা বোর্ডে আবেদন জানালে গত বছরের ২৪ আগস্ট তাঁকে নিজ পদে পুনর্বহালের আদেশ দিয়ে স্কুল কর্তৃপক্ষকে নতুন করে একটি চিঠি দেন। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড গত বছরের ১ অক্টোবর আরেকটি চিঠি দিয়ে পুনর্বহাল-সংক্রান্ত ২৪ আগস্টে প্রদত্ত চিঠির আদেশ প্রত্যাহার করে। এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ আলী গত বছরের ১০ নভেম্বর হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন। আদালত প্রথমে রুল জারি করেন। পরে গত ১৭ ডিসেম্বর চূড়ান্ত রায় দেন।যোগাযোগ করা হলে মোহাম্মদ আলীর আইনজীবী আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, রায়ে রুল গৃহীত হয়েছে। অর্থাত্ তাঁকে নিজ পদে পুনর্বহাল করতে ও বকেয়া বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, দীর্ঘ ২২ বছর পর আমার এ পদে ফিরে যাওয়া! তার ওপর স্কুলের শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের পুষ্পমাল্যে এবং অনুষ্ঠান সহযোগে আমাকে বরণ করে নেওয়া। এর চেয়ে সম্মান আর আনন্দ কী হতে পারে? এ দিনের জন্য অপেক্ষা করেছি আমি ২২টি বছর। কোনো শিক্ষকের জীবনে এমন দুর্ভাগ্য ও সৌভাগ্য, আমার জানামতে বিরল।