২২ বছরেও নড়াইলে বিসিক শিল্পনগর গড়ে উঠছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোগ গ্রহণের পর ২২ বছরও নড়াইলে বিসিক শিল্পনগর গড়ে ওঠেনি। ১৯৯০ সালের জুন মাসে স্থান নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর শিল্প মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ায় এবং নতুন করে নির্ধারণ করা জমি নিয়ে জটিলতা থাকায় এ উদ্যোগ থেমে আছে। জেলা প্রশাসক ও বিসিক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে নড়াইল জেলায় রূপান্তরিত হওয়ার পর ১৯৮৭ সালে বিসিকের জেলা অফিস স্থাপিত হয়। ১৯৮৮ সালে জেলায় বিসিক শিল্পনগর স্থাপনের কার্যক্রম শুরু হয়। সে লক্ষ্যে পরিকল্পনা কমিশনের আইএমইডি (ইন্টারনাল মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন) বিসিক, শিল্প মন্ত্রণালয়সহ আন্তমন্ত্রণালয়ের চার সদস্যের কমিটি পরিদর্শনে আসে। তারা শহর থেকে তিন কিলোমিটার দূরে নড়াইল-মাগুরা সড়কের রঘুনাথপুর মৌজায় ১৫ একর জমি নির্বাচন করে। ১৯৯০ সালের ১১ জুন ভূমি মন্ত্রণালয় জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেয় এবং ক্ষতিপূরণ বাবদ চার লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করে। কিন্তু শিল্প মন্ত্রণালয় থেকে ওই টাকা না দেওয়ায় জমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।১৯৯৮ সালে আবারও শিল্পনগর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে উদ্যোগ অনুযায়ী বিসিক খুলনার আঞ্চলিক পরিচালকসহ চার সদস্যের একটি দল নড়াইল সফর করে। ওই কমিটি শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে চিত্রা নদীর অপর পারে বোরাবাদুরিয়া-সীমাখালি মৌজায় ১৫ একর জমি নির্বাচন করে প্রতিবেদন দাখিল করে। এ লক্ষ্যে জমি হুকুম দখলের জন্য বিসিক ২০০১ সালের ২৮ আগস্ট জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠায়। শিল্পনগরের প্রস্তাবিত জায়গার এক একর ৯৭ শতাংশ জমি সড়ক ও জনপথ বিভাগ অনেক আগেই অধিগ্রহণ করেছিল। জেলা প্রশাসক ২০০১ সালের ৬ নভেম্বর শিল্পনগরের স্থান পরিবর্তনের জন্য বিসিকের ঢাকা কার্যালয়ের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠান।ব্যবসায়ী সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৮ নভেম্বর নতুন নির্বাচিত স্থান বাতিল করে আগের স্থানে শিল্পনগর গড়ে তোলার জোর দাবি জানিয়ে তাঁরা শিল্প মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন। ফাইন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী এস এম আকরাম বলেন, ‘নতুন নির্বাচিত স্থানের যোগাযোগ-সুবিধা অপ্রতুল এবং সন্ত্রাসী এলাকা হিসেবে চিহ্নিত। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পাওয়ারও সহজ সুযোগ নেই। ফলে আগের স্থানে (রঘুনাথপুর মৌজায়) শিল্পনগর গড়ে তোলা উচিত।’ চেম্বারস অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান বলেন, ‘নড়াইল-মাগুরা সড়কের পাশে শিল্পনগর হলে ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা ও খুলনার উদ্যোক্তারাও আকৃষ্ট হবেন।’বিসিক নড়াইল কার্যালয়ের উপব্যবস্থাপক অসীম কুমার ঘোষ বলেন, ‘প্রয়োজনীয় তহবিল ও অনুমোদন না পাওয়ায় নড়াইলে বিসিক শিল্পনগর বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’