২২ বেঞ্চ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের আরও ২২ জন বেঞ্চ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে সম্প্রতি দুদকে অভিযোগ জমা পড়েছে। অনুসন্ধান শেষে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে তাঁদের ঠিকানায় নোটিশ পাঠানো শুরু হবে বলে দুদক সূত্র জানিয়েছে।সূত্র জানায়, তিন মাস ধরে এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। ইতিমধ্যেই ছয়-সাতজনের বিষয়ে অনুসন্ধানকাজ শেষ হয়েছে।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে জানিয়েছেন, বেশ কয়েকজন বেঞ্চ কর্মকর্তা সম্পর্কে অভিযোগ পাওয়ার পর প্রাথমিক পর্যায়ে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ পাওয়া গেলে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তারপর নোটিশ পাঠানো হবে। দুদক চেয়ারম্যান আরও জানান, ছোট বা বড় কিংবা প্রভাবশালী বা সাধারণ যে-ই হোক, কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।হাইকোর্টের একাধিক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, মামলা তালিকাভুক্ত করা, মামলার শুনানি এগিয়ে-পিছিয়ে নেওয়া, বিচারের রায়সহ বিভিন্ন ক্ষেত্রে বিচারপতির নির্দেশনা টাইপ করাসহ নানা কাজ করেন বেঞ্চ কর্মকর্তারা। এসব কাজে দুর্নীতির সুযোগ রয়েছে।এর আগে ১৯ জুলাই দুই বেঞ্চ কর্মকর্তা ও নিম্ন আদালতের একজন নোটিশ জারিকারকের সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে নোটিশ পাঠানো হয়েছে।দুদকের চেয়ারম্যান জানান, ওই তিনজনের ঠিকানায় সম্পদের হিসাব চেয়ে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে হবে। নইলে কমিশন ব্যবস্থা নেবে।২২ বেঞ্চ কর্মকর্তা প্রসঙ্গে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে জানান, তাঁদের ব্যাপারে দুদক থেকে এখনো নোটিশ বা মামলাসংক্রান্ত কোনো নির্দেশ দেওয়া হয়নি। কমিশনের বৈঠক শেষে এসব বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। জানা গেছে, দুদকের উপপরিচালক আর কে মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি অভিযোগগুলোর ব্যাপারে অনুসন্ধান করছে।দুদকে পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, এসব বেঞ্চ কর্মকর্তা নানা সময়ে অনিয়ম, তদবির ও প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত বাদী-বিবাদীর কাছ থেকে অবৈধভাবে অর্থ নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এ ছাড়া তাঁদের নামে-বেনামে রয়েছে অনেক সম্পদ। রাজধানীতে অনেক বেঞ্চ কর্মকর্তার বাড়ি-গাড়ি, ফ্ল্যাট ও দোকান রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। কারও কারও মার্কেটও রয়েছে। কেউ কেউ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে সন্তানদের লেখাপড়ার খরচও চালাচ্ছেন।অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানে দেখা গেছে, একজন বেঞ্চ কর্মকর্তার বেতন নতুন স্কেলে সাড়ে ১২ হাজার টাকা, সহকারী বেঞ্চ কর্মকর্তার বেতন ১১ হাজার টাকা, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তার বেতন নতুন স্কেলে সাত হাজার ৪০০ টাকা। কিন্তু বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে অভিযুক্তদের বিরাট অঙ্কের স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে।