২২ হাজার শিক্ষার্থীর জন্য ২টি বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর একটা বাজতেই কয়েক শ ছাত্রছাত্রী রাস্তার পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। বাসের জানালা খোলা থাকলে সিটের ওপর ব্যাগ, বই, খাতা কিংবা ছাতা রেখে জায়গা দখলের চেষ্টা করে। বাসে ওঠার সময় লাইন ভেঙে কেউ সামনে এগোতে চাইলে বেধে যায় গোলমাল, কথা-কাটাকাটি ও হাতাহাতি। এটি হঠাৎ ঘটা কিংবা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ছুটির দিন ছাড়া খুলনার সরকারি বিএল কলেজের বাস দুটির সামনের প্রতিদিনের চিত্র এটি।বিএল কলেজের প্রায় ২২ হাজার শিক্ষার্থী পরিবহনের জন্য রয়েছে মাত্র দুটি বাস। ছাত্রছাত্রীরা ঠাসাঠাসি করে এ ওর কোলে বসে, শরীরের সঙ্গে শরীর লেপ্টে, অনেকটা বাদুড়ঝোলা ঝুলতে ঝুলতে কলেজে যাতায়াত করে। ছাত্রীদের জন্য আলাদা বাস না থাকায় তাদের অবস্থা আরও করুন। ফলে প্রতিদিনই কলেজ বাসে যাতায়াতকে কেন্দ্র করে টুকটাক ঝামেলা ও বিড়ম্বনা লেগেই থাকে। এতে ছাত্রছাত্রীদের কষ্ট ও ব্যয় দুই-ই বাড়ছে। নেই কলেজের শিক্ষকদের জন্য আলাদা কোনো পরিবহনের ব্যবস্থা। একটিমাত্র মাইক্রোবাস দিয়েই কলেজের দাপ্তরিক কাজ সারতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।২৭ জুলাই বেলা পৌনে একটায় সরেজমিনে দেখা যায়, সরকারি বিএল কলেজ-সংলগ্ন খুলনা-যশোর সড়কের পাশে দাঁড়ানো বাস দুটির বন্ধ দরজার সামনে শিক্ষার্থীদের জটলা। কলেজের বাসে চড়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বাংলা শেষবর্ষের ছাত্র রিপন দাস বলেন, ‘কয়েক বছর ধরেই কলেজ বাসে চড়ে যাতায়াত করছি। কিন্তু শেষ কবে সিটে বসে গেছি, মনে পড়ে না। কোনো রকমে একপায়ে দাঁড়িয়ে, অন্যের গায়ে ঠেস দিয়ে যাতায়াত করতে হয়। আমরা তো তবু এভাবে পারছি, আমাদের মেয়ে সহপাঠীদের অবস্থা আরও খারাপ।’ বিএ (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবণী আক্তার বলেন, ‘ক্লাস থাকলেও বাসের কারণে অনেক দিন সকালের ক্লাস করা হয় না। আবার একটার পর ক্লাস থাকলে তাও বাদ দিতে হয়। আগে এসে লাইন না দিলে বাসে ছিট তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না।’ একটি বাসের ড্রাইভার মো. মনিরুজ্জামান ও হেলপার মো. মাসুদ রানা জানান, এক বাসে প্রায় চার-পাঁচ বাসের যাত্রী ওঠাতে হয়। ভিড়ের জন্য ছাত্রছাত্রীরা দুই গেটে বাদুড়ঝোলা হয়ে থাকে। হেলপারের দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। এটি ছাত্রছাত্রীদের জন্য যেমন বিপজ্জনক, তেমনি ড্রাইভার-হেলপারদের জন্যও।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে বিএল কলেজের ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য দুটি ৫২ সিটের বাস অনুদান দেওয়া হয়। এর প্রায় ১৫ বছর পর ১৯৯৩ সালে বাস দুটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে ছাত্রছাত্রীদের পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর পরে কলেজের পরিবহনের জন্য অন্য কোনো অনুদান পাওয়া যায়নি এবং কলেজ কর্তৃপক্ষও নিজস্ব উদ্যোগে পরিবহনের ব্যবস্থা করতে পারেনি। পরে পরিত্যক্ত বাস দুটি নিলামে বিক্রি করে দেওয়া হয়। এরপর পরিবহন-সংকট প্রকট আকার ধারণ করলে ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা তুলে কলেজ কর্তৃপক্ষ ২০০৩ সালের জুন মাসে ৪২ লাখ টাকা দিয়ে ৫২ সিটের দুটি বাস এবং ২০০৪ সালের নভেম্বর মাসে সাত লাখ টাকা দিয়ে একটি মাইক্রোবাস কেনে। বাস দুটি কেনার পর পরিবহনব্যবস্থার সামান্য উন্নতি হলেও সংকট রয়েই গেছে।কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাস আসা-যাওয়ার সময়সূচির সঙ্গে ক্লাস শুরু এবং ছুটির সমন্বয় নেই। ফলে তাঁরা ঠিকমতো ক্লাস করতে পারেন না। এর ওপর বাসে বাদুড়ঝোলা অবস্থায় গাদাগাদি করে আসা-যাওয়া করতে হচ্ছে। পরিবহনব্যবস্থার স্বল্পতার করণে বাকি ছাত্রছাত্রীদের নগর পরিবহনের বাস, বেবিট্যাক্সি ও রিকশায় করে কলেজে আসা-যাওয়া করায় তাঁদের পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। এর ফলে নিম্ন আয়ের পরিবারের ছাত্রছাত্রীরা লেখাপড়া খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আহম্মেদ রেজা প্রথম আলোকে বলেন, ‘কলেজে যে পরিবহনব্যবস্থা আছে তা অপ্রতুল। সরকারি অনুদান না পাওয়ায় পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা যাচ্ছে না। এ বিষয়ে আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি। সরকারি অনুদানের বিষয়টি মন্ত্রণালয়ের লাল ফিতায় আটকে রয়েছে। শিক্ষামন্ত্রী পরে দেখা করতে বলেছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের অসুবিধার কথা জানাব। আশা করি তখন সমস্যার সমাধান হবে।’