২২টি মানহানির মামলায় মাহমুদুর রহমানসহ তিনজনের আগাম জামিন
পৃথক ২২টি মানহানির মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জামিন পাওয়া অন্য দুজন হলেন দৈনিক আমার দেশ-এর প্রকাশক মীর হাশমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ। আদালত একই সঙ্গে এই তিনজনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, এ মর্মে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শাতে বলেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে নিয়ে গত ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘তৌফিক-ই-ইলাহী ও জয়ের বিরুদ্ধে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে দেশের বিভিন্ন জেলায় ২২টি পৃথক মানহানির মামলা হয়। সরকার পক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার প্রথম আলোকে বলেন, পৃথক ২২টি মানহানির মামলায় মাহমুদুর রহমানসহ তিনজনকে আদালত তিন মাসের আগাম জামিন দিয়েছেন। আবেদনকারীরা আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন বলেও তিনি জানান।