দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে। এ বছর ছাপা হচ্ছে ২৩ কোটি ১৮ লাখ দুই হাজার তিন কপি বই। দেশীয় মুদ্রাকর ও ছাপাখানা ছাড়াও ভারতের দুটি বড় ছাপাখানা প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্নত কাগজে চার রঙের বই ছেপে পাঠাচ্ছে।প্রাথমিকের পাশাপাশি গত বছর থেকে মাধ্যমিক স্তরে বিনা মূল্যে বই দেওয়া শুরু হয়। কিন্তু ওই অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। শিক্ষার্থীদের একটি অংশ সময়মতো বই পায়নি। তার আগের বছর মাধ্যমিকে সংকট ছিল, টাকা দিয়েও শিক্ষার্থীদের অনেকে বই পায়নি।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেছেন, এ বছর বই-সংকটের আশঙ্কা নেই। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন ক্লাস শুরু হবে। তার আগে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। তিনি আরও বলেন, এই বিশাল কর্মযজ্ঞে কোথাও অদৃশ্যমান কোনো বিচ্যুতি থাকতে পারে। তবে এখন পর্যন্ত বইয়ের সংকট হবে বলে মনে হচ্ছে না।কোন স্তরে কত বই: প্রাথমিক স্তরের জন্য এবার ছাপা হচ্ছে ১০ কোটি ৪৫ লাখ ৫১ হাজার বই। এসব বই ছাপার জন্য ৯০০ প্রেস কাজ করছে, বইয়ের মোট লট এক হাজার ২০টি। মাধ্যমিক স্তরের জন্য নয় কোটি এক লাখ ৫৭ হাজার ২০৮ কপি বই ছাপা হবে। এ ছাড়া ইবতেদায়ি স্তরের জন্য এক কোটি ৬৮ লাখ ২৫ হাজার, দাখিলের জন্য এক কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৫৭৬ এবং কারিগরি স্তরের জন্য ১৮ লাখ ২৯ হাজার ৭০৫ কপি বই ছাপা হবে। ঝুঁকির মুখে দেড় কোটি বই: এনসিটিবির মূল্যায়ন হচ্ছে, এ পর্যন্ত ৯০০ প্রেসের মধ্যে ২৮টি প্রেসের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। এসব প্রেসের কাছে প্রাথমিক ও মাধ্যমিকের এক কোটি ৫২ লাখ কপি বই রয়েছে। সূত্র জানায়, প্রেসগুলোর বিষয়ে এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা হতাশ। এগুলোর মধ্যে রয়েছে আল মদিনা প্রিন্টিং প্রেস, ইকরা অফসেট প্রিন্টিং প্রেস, এশা মুদ্রণ, আল ইসলাম আর্ট প্রেস, বিসমিল্লাহ প্রেস, সাহারা আর্ট প্রেস, আল আমিন প্রিন্টার্স প্রভৃতি। এনসিটিবির সূত্র জানায়, এসব প্রেস কাজ নিলেও তা শেষ করার বিষয়ে আন্তরিক নয়।কাজের অগ্রগতি কতটুকু: ভারতের দুটি প্রেসে ছাপা হওয়া প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যবই ১৫ ডিসেম্বরের মধ্যে দেশে পৌঁছার কথা রয়েছে। প্রাথমিকভাবে ট্রেনযোগে এসব বই আনার চিন্তাভাবনা চলছে। তবে ট্রাকেও আনা হতে পারে। পশ্চিমবঙ্গের কৃষ্ণা ও উত্তর প্রদেশের ঝাঁসি নামে দুটি প্রেস আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে বই ছাপার কাজ নেয়। ভারতের ওই প্রেস দুটি ছাড়াও দরপত্রে অংশ নিয়ে দেশীয় কয়েকটি প্রেস কাজ করছে। এদিকে মাধ্যমিক স্তরের প্রায় অর্ধেক বই দেশের জেলা পর্যায়ে পৌঁছে গেছে। ইবতেদায়ি পর্যায়ের বই পৌঁছে গেছে প্রায় ৮০ ভাগ। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২৫ শতাংশ বই পৌঁছে গেছে। এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবার সময়মতো বই প্রকাশ না হওয়ার ঝুঁকি সেই অর্থে আর নেই।এনসিটিবির বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের দায়িত্বে নিয়োজিত বিশেষ কর্মকর্তা রতন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত বই ছাপা ও সারা দেশে পৌঁছে দেওয়ার অগ্রগতি আশাব্যঞ্জক। তিনি বলেন, এবার বই নিয়ে সংকট হওয়ার আশঙ্কা নেই।