২৩ ঘণ্টা পর পূর্বাঞ্চলে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৩ ঘণ্টা পরে ভৈরব-ময়মনসিংহ, ময়মনসিংহ-সিলেট-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভৈরবের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ভৈরবের রেলস্টেশন মাস্টার আবদুল মোতালিব প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল রাতেই ঢাকা ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজে অংশ নেয়। আজ ভোর ছয়টায় লাইনটি পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী হয়। গতকাল ভোর থেকে আজ ভোর পর্যন্ত ভৈরব-ময়মনসিংহ, ময়মনসিংহ-সিলেট-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের জোনে সরাসরি ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।