২৩ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে চার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ২৩ জুলাই শনিবার রাজধানী ঢাকায় পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করবে। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে চারদলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।বৈঠক সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে চারদলীয় জোট পৃথকভাবে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বিএনপি আয়োজিত সমাবেশে চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিনে একই ধরনের কর্মসূচি পালন করবে চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস। দলগুলো ২৩ জুলাইয়ের সমাবেশের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।গতকাল রাতের বৈঠকে খালেদা জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।রাত ১০টায় ওই বৈঠক শুরু হয়ে শেষ হয় পৌনে ১১টায়। এর আগে রাত সাড়ে আটটার দিকে আবদুল হাই শিকদারের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন খালেদা জিয়া। সেখানে তিনি বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। এ জন্য দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।