২৩ জুলাই সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল ২৩ জুলাই সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ ও দেশের স্বার্থবিরোধী চুক্তি না করতে দেওয়াসহ বিভিন্ন দাবিতে বিএনপি এ কর্মসূচি পালন করবে বলে তিনি জানান। আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে সরকার ভোট কারচুপির ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে কথা বলার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা করার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার দেশের স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তি করছে। আর বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি করলে তাতে বাধা দিচ্ছে। তিনি বলেন, সরকার যে কী চায় তা বিএনপি বুঝতে পারছে না। সরকার গণতান্ত্রিক পরিবেশ চায়, না দেশে অগণতান্ত্রিক পরিবেশ কায়েম করতে চায় তা নিয়ে বিএনপির সন্দেহ রয়েছে বলে তিনি জানান।