২৩ ডিসেম্বর পর্যন্ত হরতাল দিতে চায় না বিএনপি
আপাতত আর নতুন কোনো কর্মসূচি দেয়নি বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বিএনপি বলছে, ২৩ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি রয়েছে বিএনপির। এ সময়ের মধ্যে তাঁরা হরতাল দিতে চান না।আজ বৃহস্পতিবার ১৮ দলের ডাকা আধা বেলা হরতাল শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এই ঘোষণা দেন। তিনি বলেন, বিএনপি বিজয়ের মাসে হরতাল দিতে চায় না; তবে সরকার বাধ্য করলে আবারও ‘কঠোর’ কর্মসূচি ঘোষণা করা হবে।রাজধানীতে আজ বিচ্ছিন্ন বোমাবাজি ও ভাঙচুরের মধ্য দিয়ে আধা বেলা হরতাল পালিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে ১৮-দলীয় জোট রাজধানী ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করে। প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে—সরকারদলীয় নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তরিকুল ইসলাম বলেন, ‘আপনি খালেদা জিয়াকে গ্রেপ্তার করবেন, আমরা নিশ্চয় ললিপপ চুষব না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর অপরাধমূলক বক্তব্য ও কার্যক্রমের জন্যও অবশ্যই প্রয়োজন পড়বে খালেদা জিয়ার গ্রেপ্তার। কারণ, তিনি গ্রেপ্তার না হলে তো স্বরাষ্ট্রমন্ত্রী হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁকে হুঁশিয়ার করে বলতে চাই, দিনে দিনে বাড়িয়াছে বহু দেনা, শোধিতে হইবে ঋণ।’ তিনি অভিযোগ করেন, ‘সরকারদলীয় মন্ত্রী ও নেতাদের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের ঘাতকেরা বিশ্বজিেক হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং এই হত্যাকাণ্ডের অনুপ্রেরণাদাতা।’হরতাল না দেওয়ার জন্য ব্যবসায়ীরা যে আহ্বান জানিয়েছেন, তার সমালোচনা করে তরিকুল বলেন, ‘আমরা হরতাল চাই না। হরতালে অর্থনৈতিক ক্ষতি হয়। ব্যবসায়ীরাও চান না। কিন্তু আমরা বিস্মিত হই, আমাদের ১৩ দিনের হরতালে যেসব ব্যবসায়ী এতটা সোচ্চার, তাঁরা আওয়ামী লীগের ১৭৩ দিনের হরতালের সময় এত সোচ্চার ছিলেন না।’ দলীয় আনুগত্যের কারণেই ব্যবসায়ী নেতারা এখন বেশি সোচ্চার বলে তিনি অভিযোগ করেন। তরিকুল দাবি করেন, আজকের হরতালে সারা দেশে তিন শর বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও সরকারদলীয় লোকদের হামলায় ৮৪৭ নেতা-কর্মী আহত হয়েছেন। আর এই হরতালকে কেন্দ্র করে গতকাল থেকে মোট এক হাজার ৮০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং তিন হাজারের বেশি নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। তিনি ঢাকা মহানগর বিএনপির নেতা নবীউল্লাহ, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব হাসানসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়: হরতাল চলাকালে সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অন্তত ১৩টি ককটেল বিস্ফোরিত হয়। সকাল আটটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সোয়া নয়টার দিকে নাইটিংগেল মোড়ে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। সোয়া ১০টার দিকে কার্যালয়ের পশ্চিম পাশে দুটি এবং সোয়া ১১টার দিকে কার্যালয়ের সামনে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণের পরপর বেলা সাড়ে ১১টার দিকে লা লুনা রেস্টুরেন্টের পাশের গলি থেকে একজনকে আটক করে পুলিশ। সকাল থেকে বিএনপির কার্যালয় ঘিরে রাখে পুলিশ। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও কার্যালয়ের সামনে অবস্থান নেন। কার্যালয়ের উল্টো দিকেও পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।সকাল থেকে দলীয় কর্মীদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কার্যালয়ে ঢুকতে গেলে অন্তত দুজন কর্মীকে আটক করে পুলিশ। যাঁরা আগ থেকে কার্যালয়ের ভেতরে ছিলেন, তাঁদের কেউ বেরোতে পারেননি।কার্যালয়ের প্রবেশমুখে বিএনপির ২৫-৩০ নেতা-কর্মী সকাল থেকে অবস্থান নেন। সেখানে তাঁরা হরতালের সমর্থনে থেমে থেমে স্লোগান দেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবীসহ বেশ কজন নেতা-কর্মী কার্যালয়ে ছিলেন। সংসদ ভবন এলাকা: সকাল ছয়টার দিকে সংসদ ভবনের প্রবেশফটকের সামনে যাত্রীদের নামিয়ে দিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে দেয় পিকেটাররা। একপর্যায়ে তারা এতে আগুন ধরিয়ে দেয়।হরতালে সহিংস ঘটনা এড়াতে ফার্মগেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি চৌকি বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হয়।মিরপুর ও গাবতলী: বেলা সোয়া ১১টার দিকে একটি গলি থেকে আচমকা বের হয়ে পূর্ব শেওড়াপাড়ার রোকেয়া সরণিতে ১০-১৫ জন যুবকের একটি দল পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এসব গাড়ির মধ্যে বিআরটিসির একটি ডাবল ডেকার, দুটি মিনিবাস, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি ট্যাক্সিক্যাব রয়েছে। এসব যুবকের কাঁধে ঝোলানো ব্যাগে ইটপাটকেল ছিল। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।নিরাপত্তা রক্ষা ও নাশকতা ঠেকাতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকে বিভিন্ন সড়কে টহল দেন পুলিশের সদস্যরা। পথচারীদের থামিয়ে তল্লাশিও চালানো হয়।পুরান ঢাকা: সকাল সাড়ে ছয়টার দিকে ভিক্টোরিয়া পার্ক এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বংশাল মোড়ে ককটেল বিস্ফোরণে নারীসহ দুজন আহত হন। একই সময় নয়াবাজার মোড় এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কেরানীগঞ্জের মনো ব্যাপারীর ঢাল এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কে হরতালের সমর্থনে পিকেটাররা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় হরতালের মধ্যে রাজপথে গাড়ির সংখ্যা কম থাকলেও প্রচুর রিকশা চলাচল করতে দেখা গেছে। সকালের দিকে ছুটির আমেজে রিকশা চলতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য গাড়ি চলাচলও বাড়তে থাকে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহের রোববার সারা দেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করে ১৮-দলীয় জোট। ওই দিন সারা দেশে পুলিশের সঙ্গে অবরোধকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সহিংসতায় নিহত হয় অন্তত দুজন।বিএনপি জানায়, অবরোধ চলাকালে সারা দেশে চারজন নিহত, ৬০০ জন আহত ও ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে বিএনপি ওই দিন স্থায়ী কমিটির বৈঠক করে মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে এর আগেই অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।পরের দিন মির্জা ফখরুলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালত তাঁর রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পরই ১৮ দল থেকে ঘোষণা করা হয়, এক দিনের মধ্যে (গতকাল বুধবার) মির্জা ফখরুলকে মুক্তি না দেওয়া হলে আজ আধা বেলা হরতাল পালন করা হবে।