২৩ ডিসেম্বর সাংবাদিকদের গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে ২৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ-অনশনের ডাক দিয়েছেন সাংবাদিকেরা। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই গণ-অনশন কর্মসূচি চলবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সাংবাদিকদের এক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন। সাগর-রুনি হত্যার বিচারসহ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজের উভয় অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা আটকে ওই সমাবেশ করা হয়।সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সরকার ‘জজ মিয়া নাটক’ সাজানোর চেষ্টা করছে। ‘প্রকৃত’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁরা বলেন, কোনো জজ মিয়া নাটক সাংবাদিক সমাজ মেনে নেবে না।র্যাবের উদ্দেশে ইকবাল সোবহান বলেন, ‘আমরা জানতে চাই, তদন্ত করতে কত মাস সময় লাগে? অনির্দিষ্টকাল ধরে তদন্ত চলবে আর আমরা বসে থাকব, এমনটি ভাবার কোনো কারণ নেই।’ বিএফইউজের এই নেতা বলেন, সাগর-রুনি হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের চারজন পেশাদার খুনি বলে র্যাব দাবি করেছে। তিনি বলেন, ‘যদি পেশাদার খুনিরা খুন করে থাকে, তবে তারা নিজে থেকে যায়নি। কেউ তাদের ভাড়া করেছিল। পেশাদার খুনিরা কেন গিয়েছিল, কারা তাদের ভাড়া করেছিল—সেটা খুঁজে বের করতে হবে। পেছনে কে এমন শক্তিশালী বসে আছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে না?’রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। বিরোধী দলের অবরোধ চলাকালে সংবাদকর্মীদের ওপর হামলা ও বিভিন্ন স্থানে ‘প্রথম আলো’সহ অন্যান্য পত্রিকাবাহী গাড়ি যেতে না দেওয়ারও সমালোচনা করেন এই সাংবাদিক নেতা। বিএফইউজের আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাগর-রুনির হত্যাকারীদের বিচার না হলে কোনো সাংবাদিকই নিরাপদ থাকবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গালে হাত দিয়ে অনেক কথা বলেন। আমরা তাঁর পুরোনো ইতিহাস টানতে চাই না। আপনি ভুল করে ফেলছেন, জজ মিয়া নাটক সাজিয়ে পার পাবেন না।’ সাংবাদিক নির্যাতন হয়নি বলে জাতীয় সংসদে তথ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি। বিএফইউজের (একাংশ) মহাসচিব শওকত মাহমুদ বলেন, আজ পর্যন্ত বলা হয়নি কারা কেন সাগর-রুনিকে হত্যার জন্য খুনিদের ভাড়া করেছিল। সন্দেহ প্রবল, এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে।বিএফইউজের আরেক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছে। কিন্তু সাগর-রুনির হত্যাকারীদের বিচারের আওতায় না আনতে পারলে সবকিছু ম্লান হয়ে যাবে। সাংবাদিকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—সাংবাদিক নির্যাতন বন্ধ করা, সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করা।সমাবেশে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সভাপতি আবদুস শহীদ, ওমর ফারুক, ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান।