২৩ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ভারতীয় বাংলা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রশিল্পে অস্থিরতা ক্রমেই বাড়ছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। ২৩ ডিসেম্বরই ভারতীয় বাংলা ছবি জোর মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা জানিয়েছেন, সেদিন তাঁরা প্রতীকী ধর্মঘট পালন করবেন। যে প্রেক্ষাগৃহগুলোতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করা হবে, তার সামনে অবস্থান ধর্মঘট করবেন। আর ওই প্রেক্ষাগৃহগুলোতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশি ছবি প্রদর্শনের জন্য দেওয়া হবে না। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের এ সিদ্ধান্তের কারণে চলচ্চিত্র প্রদর্শক সমিতি সম্প্রতি এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এখানে সংগঠনটির সভাপতি কে এম আর মঞ্জুর বলেন, ‘আমরা সব নিয়মনীতি মেনে ভারতীয় বাংলা ছবি মুক্তি দিচ্ছি। উচ্চ আদালতের রায়ে এ ছবিগুলো মুক্তি দেওয়ার ব্যাপারে সব প্রতিবন্ধকতা দূর হয়েছে। তার পরও যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁরা আদালতে গিয়ে আইনি লড়াই চালাতে পারেন। তা না করে কেউ যদি ছবি প্রদর্শনের দিন প্রেক্ষাগৃহের সামনে অবস্থান নিতে চান, তবে তা হবে আদালত অবমাননা।’সংগঠনটির সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘ভারতীয় ছবি প্রদর্শন করার জন্য যদি বাংলাদেশের কোনো প্রযোজক আমাদের প্রেক্ষাগৃহে তাঁদের ছবি প্রদর্শন করতে না দেন, তাহলে আমরা ইংরেজি ছবি প্রদর্শন করব। এরপর প্রয়োজন হলে সরকারকে চিঠি দিয়ে আমরা প্রেক্ষাগৃহ বন্ধ করে দেব।’