১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের খবর আমরা পাই পরদিন ২২ ফেব্রুয়ারি। যোগাযোগব্যবস্থা উন্নত ছিল না। শহরের জিন্নাহ পার্কে (বর্তমানে শহীদ হাদিস পার্ক) রক্ষিত একমাত্র রেডিওর মাধ্যমে আমরা এ সংবাদ শুনি।ছাত্রদের মৃত্যুর খবরে সারা দেশের সঙ্গে খুলনাও জেগে ওঠে। এম এ গফুরের (পরে আওয়ামী লীগের এমপি, ’৭৪ সালে আততায়ীর হাতে নিহত হন) নেতৃত্বে খুলনায় ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। অন্যদের সঙ্গে আমিও ছিলাম পরিষদে।২২ ফেব্রুয়ারিই শহরের সব স্কুল ও কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করি। সংগ্রাম পরিষদ ২৩ ফেব্রুয়ারি স্কুল-কলেজে ছাত্র-ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়। আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শহরে মিছিল, সভা, দেয়াললিখন ও পোস্টার লাগিয়ে ভাষা আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলি।২৩ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কয়লাঘাটা এলাকার ধোপাপট্টির সামনে দিয়ে বড় মাঠের দিকে যাওয়ার সময় মুসলিম লীগের পান্ডারা নিজাম বিহারির নেতৃত্বে মিছিলে হামলা করে। কয়েকজন ছাত্র আহত হয়। আমরা পিছু না হটে প্রতিরোধ গড়ে তুলি। রাষ্ট্রভাষা আন্দোলনের সময় আমি ছিলাম ম্যাট্রিকের ছাত্র। খুলনায় সে সময় যাঁরা ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের অধিকাংশই আমার সমসাময়িক, ম্যাট্রিকের পরীক্ষার্থী এবং কয়েকজন ছিলেন কলেজের ছাত্র। একদিকে পুলিশ, অন্যদিকে মুসলিম লীগের পান্ডা ও বিহারি গুন্ডাদের ভয়ে আমাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল। তা সত্ত্বেও মাতৃভাষার জন্য আমাদের মধ্যে যেকোনো ত্যাগ স্বীকারের মানসিকতা ছিল প্রবল।ওই সংগ্রাম পরিষদে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে জীবিতদের একজন বর্তমান বিএনপির নেতা এম নুরুল ইসলাম ওরফে দাদু ভাই। যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের নেতা এম এ বারী, আইনজীবী আবদুল জব্বার (’৭১-এ পাকিস্তানিরা তাঁকে হত্যা করে। তাঁর লাশ পাওয়া যায়নি), এম এ জলিল, আবু মহম্মদ ফেরদৌস, এ কে সামছুদ্দিন ওরফে সুনু মিয়া, মালিক আতাহার, তোফাজ্জেল হোসেন, মিজানুর রহিম, আবু সাঈদ ও নান্নু। অনেকের কথা আজ আর মনে নেই। সংগ্রাম পরিষদের বেশ কয়েকজন নেতা কারাবন্দী হন। তাঁদের মধ্যে ছিলেন এম এ বারী ও এম এ গফুর।তখন খুলনা ছিল খুবই ছোট একটি শহর। রাস্তাঘাট তেমন একটা ছিল না। মোটরগাড়ি ছিল না বললেই চলে; ছিল শুধু হাতে গোনা কয়েকটি রিকশা। নদীপথেই ছিল প্রধান যোগাযোগ। বিদ্যুত্ ছিল কেবল সরকারি অফিসে। শহরের দোকানপাট ও বাড়িতে কেরোসিনের হ্যাজাকলাইট ও হারিকেন ছিল ভরসা। তখন রাজনৈতিক আড্ডার একমাত্র স্থান ছিল থানার মোড়ের ‘তৃপ্তি নিলয়’ রেস্টুরেন্ট। এখানে তখনকার দিনের বাম রাজনীতির নেতা-কর্মী ও প্রগতিশীল ছাত্র-যুবকেরা আসতেন। তাঁদের মধ্যে ছিলেন প্রয়াত আবদুল জব্বার, এম এ বারী, এম এ জলিল, আবু মহম্মদ ফেরদৌস, সুনু মিয়া ও মালিক আতাহার। জীবিত ব্যক্তিদের মধ্যে আছেন এম নুরুল ইসলাম ও আইনজীবী মোমিন উদ্দিন। এখান থেকেই ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।খুলনা শহর থেকে সাত কিলোমিটার দূরে দৌলতপুরে বিএল কলেজ ছিল একমাত্র কলেজ। কলেজে যাওয়ার সড়কপথও ছিল না। শাটল ট্রেনে চেপে কলেজে যেতে হতো। স্কুলের ছাত্রদের নিয়ে আমরা আন্দোলন অব্যাহত রেখেছিলাম।১৯৫২ সালে আমরা কয়েকজন নয়া সাংস্কৃতিক সংসদ নামের একটি সংগঠন গড়ে তুলি। এই সংগঠনের মাধ্যমে শহরের পিকচার প্যালেস ও সোসাইটি হলে ব্যঙ্গাত্মক নাটক মঞ্চস্থ করতাম। এতে ভাষা আন্দোলনের প্রতি জনগণের সমর্থন বাড়তে থাকে।ভয়ভীতি উপেক্ষা করে ’৫২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বর্তমান শহীদ হাদিস পার্কের দক্ষিণ-পূর্ব কোণে আমরা ইট দিয়ে একটি শহীদ মিনার তৈরি করি। এটি খুলনার প্রথম শহীদ মিনার। এই শহীদ মিনারেই আমরা প্রতি ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতাম। পরে ’৭১ সালে পাকিস্তানি সেনারা শহীদ মিনারটি ভেঙে ফেলে। দেশ স্বাধীন হওয়ার পর আবার সেখানে শহীদ মিনার তৈরি করা হয়।