২৩ বছর ধরে লোকটি ‘পাগল’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বছর আগে পাগল বলে অপবাদ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয় লোকটিকে। তাঁর সব পাওনাদিও দেওয়া হচ্ছে না। এই ২৩ বছরে সবার দ্বারে দ্বারে অনেক ঘুরেছেন চাকরি ও পাওনাদি ফেরত পেতে। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে নিয়ে লুকোচুরি খেলায় মেতেছে যেন।লোকটি পাগল! ২৩ বছর ধরে পাগল! তবে সত্যিকার পাগল নয়। কর্তৃপক্ষের বানানো পাগল। আর পাগল হওয়ার অপরাধে কর্তৃপক্ষ তাঁর সব পাওনাদি আটকে রেখেছে। কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেছেন অসংখ্যবার, শত শত আবেদনও করেছেন। কাজে আসেনি। কেবলই অজানা চোরাবালিতে এসব আবেদন হারিয়ে যায়। কর্তৃপক্ষ আমলেই নেয় না কিংবা পাগল তো, তাই নেওয়ার প্রয়োজন মনে করে না। এই হতভাগা লোকটির নাম আনোয়ারুল মোমিন। রংপুরের বাসিন্দা। ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (সেচ) রংপুর দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যোগদান করেছিলেন। যোগদানের পর থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন তিনি। দেখতে দেখতে আট বছর কেটে যায়। ১৯৮৫ সালে সেখানে যোগদান করা নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাঁকে একটি অন্যায় আদেশ পালন করতে বলেন। কিন্তু আনোয়ারুল মানেননি সেই অন্যায় আদেশ। হুজুরের আদেশ মানেননি, তাই পেতে হলো শাস্তি। তাঁকে বদলি করা হলো ঠাকুরগাঁও দপ্তরে [স্মারক নম্বর-৫৪৭(৪), তারিখ-২০/০৭/৮৫]। কিন্তু নতুন কর্মস্থলে আসার পরও ন্যায়বান হয়ে চলার জন্য তাঁকে দিতে হয় খেসারত। এর মধ্যে এক বছর তাঁকে সাময়িক বরখাস্ত করে রাখা হয় খোঁড়া অজুহাতে। কারণ ছিল রংপুরের সেই অফিসারের অনেক অন্যায়ের কথা তিনি বলেছিলেন কয়েকজনের কাছে। পরে ১৯৮৭ সালের ডিসেম্বরে আবার পুনর্বহাল হন তিনি। কিন্তু কপালে তাঁর সামান্য চাকরিটি আর বেশি দিন টিকল না। কয়েক মাস না যেতেই ১৯৮৮ সালের ৩১ মার্চ তাঁকে জোরপূর্বক হুমকি এবং পুলিশের ভয় দেখিয়ে রংপুর অফিসের সেই কর্মকর্তার যোগসাজশে তাঁকে পদত্যাগপত্র লিখে দিতে বাধ্য করা হয়। কারণ, সব কর্মকর্তার দুর্নীতির কথা তাঁর জানা ছিল। পদত্যাগপত্রে জোরপূর্বক লেখানো হয় যে তিনি নিউরোসিস রোগে ভুগছেন। সবার কাছে হয়ে গেলেন পাগল। আর এ মিথ্যা অপবাদের কারণে তাঁকে দিনের পর দিন সহ্য করে যেতে হয়েছে নানা বঞ্চনা। শুধু পদত্যাগপত্রই নয়, তাঁর এক মাসের বেতনও কেটে রাখা হয়। এরপর থেকে শুরু হয় তাঁর এক দুঃসহ জীবন। আনোয়ারুলের সঙ্গে এ বিষয়ে কথা হয় দীর্ঘক্ষণ। আপনাকে বলা হয়েছে নিউরোসিস রোগ হয়েছে। এ বিষয়ে কোনো চিকি ৎ সকের সনদপত্র কি নেওয়া হয়েছিল? ‘না কোনো রকম চিকি ৎ সকের সনদপত্র ছাড়াই আমাকে রোগী বানানো হলো। আমি এখনো চ্যালেঞ্জ করি, আমার এ রোগ কোনো দিন কখনো হয়নি। শুধু আমি বড় কর্মকর্তাদের দুর্নীতির কথা জানতাম, তাই এতে তাঁদের ভয় ছিল। তাই আমাকে পাগল বানিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়।’ জানতে পারি, তাঁর ১১ বছর চাকরিজীবনের আনুতোষিক ও কল্যাণ তহবিলে প্রায় ছয় লাখ টাকা জমা পড়ে আছে। এই টাকার জন্য তিনি কয়েক শ চিঠি দিয়েছেন এই ২৩ বছরে। কোনো সাড়া মেলেনি। একবার তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেচ) বাকৃউক, রাজশাহী বিভাগের কর্মকর্তার পা ধরে কেঁদেও চাকরি ফেরত চেয়েছেন। তাঁর পাওনাদি ফেরত চেয়েছেন। মন গলেনি ওই কর্মকর্তার। ‘আমি আমার প্রাপ্ত টাকা চাই। কিন্তু এতে সমস্যা কোথায়? কেন আমাকে বঞ্চিত করা হচ্ছে? আমি দুর্নীতি করি নাই। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম—এটাই কি আমার অপরাধ?’ এভাবে আক্ষেপ করছিলেন আনোয়ারুল। ১৯৯৩ সালের মার্চ মাসে ঢাকা দপ্তরে তিনি একটি আবেদন করেছিলেন [স্মারক নম্বর-৩৩৪(৪) তারিখ ১৭/০৩/৯৩] ঢাকায় মূল অফিস থেকে তিনি আশার বাণী শুনেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে তাঁর কাছে একটি পত্র প্রেরণ করা হয়। কিন্তু পত্রে আনোয়ারুলের ঠিকানা ভুল লেখা হয়, ফলে সময়মতো আসেনি এটি। এতে তাঁকে পুনরায় ঢাকা অফিসে যোগাযোগের জন্য বলা হয়েছিল। এ পত্রটি তার হাতে পৌঁছায় এক বছর পর। কেন ভুল ঠিকানায় পত্র দেওয়া হয়েছিল? তাঁর কাছে এক রহস্যই যেন আজ পর্যন্ত।১৯৯৪ সালের ডিসেম্বরে আনোয়ারুলের স্ত্রী একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রায় ১০ মাস পর অক্টোবর ১৯৯৫ সালে চিঠির উত্তর জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এতে উল্লেখ করা হয়, ‘আপনার স্বামী নিউরোসিস রোগভোগের কারণে চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করায় তাঁর চাকরিতে পুনর্বহালের কোনো সুযোগ নাই।’ এতে আরও উল্লেখ করা হয়, ‘আপনার স্বামীর যাবতীয় পাওনাদি বুঝে নেওয়ার জন্য আপনাকে আপনার স্বামীর সর্বশেষ কর্মস্থলে যোগাযোগ করার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়া গেল।’এ অনুযায়ী অনেকবার তিনি এবং তাঁর স্ত্রী যোগাযোগ করেছিলেন কিন্তু পাওনাদি আর দেওয়া হয়নি তাঁদের। এখনো দেওয়া হচ্ছে না। মাস দুয়েক আগে ঢাকা মূল দপ্তরে সর্বশেষ একটি আবেদন করেছেন। কিন্তু এর কোনো উত্তর আসেনি এখনো। দীর্ঘ ২৩ বছরে কর্মকর্তাদের কাছে আর বিভিন্ন অফিসে ঘুরতে ঘুরতে যা সম্বল ছিল তাও শেষ করেছেন। সব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে তাঁর পরিবার। আর ‘পাগল’ বানানোর অপবাদ তো আছেই, যা বয়ে বেড়াচ্ছেন বছরের পর বছর। এই নিষ্ঠুরতার শেষ কোথায় তাঁর জানা নেই। তাঁর সরল মনের প্রশ্ন, ‘আমি যদি পাগলই থাকি, তাহলে চাকরি থেকে ইস্তফা দেওয়ার বুদ্ধি আসল কীভাবে? আর দিলেও সেটির আইনগত ভিত্তি কি আছে?’ তাঁর এখনো কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, তিনি পাগল কি না সে জন্য একটি তদন্ত করা হোক, যদি সে সত্যিকারের পাগল হয়ে থাকে তাহলে তাঁকে চিকি ৎ সকের সনদপত্র দেওয়া হোক। তাঁকে তাঁর চাকরিকালীন ১১ বছরের পাওনাদি বুঝিয়ে দেওয়া হোক। বড় কর্মকর্তার অন্যায় আদেশ মানেননি তিনি, তাই তাঁর ‘পাগল’ হতে হলো। তাঁর পাওনাদি থেকে বঞ্চিত হতে হলো? আনোয়ারুলের এ আর্তনাদ শোনার কি কেউ নেই? সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেও এ বিষয়ে কিছু জানা যায়নি।কিছুদিন আগে তাঁর একটি চিঠি পাই। চিঠিতে তিনি লেখেন, ‘আমাকে একটি ব্যবস্থা করে দিন। আমি আমার পাওনা আদায়ের জন্য দীর্ঘ যে সংগ্রাম করছি, তা আমরণ চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার হয়ে একটু বলুন, আমার মতো মানুষের কান্না কি তিনি শুনতে পান?’ চিঠিটির শেষ অংশে লেখা, ‘আমার আর কোনো উপায় নেই। আর নেই বলে আমিও ভারতের আন্না হাজারের মতো অনশন শুরু করব প্রেসক্লাবের সামনে। এতে যদি পুলিশি নির্যাতন আসে, তবে গায়ে আগুন ঢেলে আত্মহত্যা করব।’ তাঁর চিঠিটা পেয়ে তাঁর আত্মহত্যার হুমকিতে কিছুটা শঙ্কা হয়, চিন্তিত হই। আবার একদিকে তাঁর অনশনের কথা শুনে আশায় বুক বাঁধি। তাঁর ন্যায্য পাওনা আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তিনি। মনে মনে ভাবতে থাকি, একজন মিথ্যা অপবাদ পাওয়া ‘পাগল’ তিনিও বুঝেছেন ভারতের আন্না হাজারের আদর্শকে। পাগলেরও এত জ্ঞান বিবেক বোধ! আনোয়ারুলের চিঠিটা পড়ে মনে হলো দীর্ঘ ২৩ বছর ধরে বয়ে বেড়ানো ক্ষত আর অপবাদটা কি অবশেষে সত্যি হতে চলেছে। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দিলেন কেন তবে? অবশেষে কি সত্যিই পাগল হতে চলেছেন তিনি? কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সত্যিকার পাগল হওয়ার আগে মিথ্যা অপবাদ পাওয়া এই ‘পাগলের’ পাওনাদি পরিশোধ করা হোক, তাঁর দীর্ঘ মানবেতর জীবনের অবসান হোক।[email protected]