প্রতিষ্ঠার ২৩ বছর পরও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ ডিগ্রিতে উন্নীত করা হয়নি। জেলার একমাত্র সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর দাবি সুনামগঞ্জবাসীর বহুদিনের। বিগত জোট সরকারের আমলে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি।কলেজ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে জেলার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাই পড়তে আসেন বেশি। তাঁদের পরিবারের আর্থিক অবস্থাও দুর্বল। নানা কারণে অনেকেই জেলার বাইরে গিয়ে পড়তে পারেন না। আবার অনেক অভিভাবক তাঁদের মেয়েদের যৌথ (ছাত্রছাত্রী) কলেজে দিতে চান না। বর্তমানে কলেজে এক হাজারের ওপরে শিক্ষার্থী আছে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২০০ শিক্ষার্থী পাস করেছে।কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিগত বিএনপি সরকারের আমলে ২০০৬ সালের মাঝামাঝি সময় অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সুনামগঞ্জ সফরে এলে স্থানীয় বিডি হলে এক সুধী সমাবেশে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর দাবি জানানো হয়। এরপর তিনি ওই বছরের ৭ সেপ্টেম্বর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন। তিনি অনুষ্ঠানে কলেজটিকে ডিগ্রিতে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলেও এখন পর্যন্ত কলেজটি ডিগ্রিতে উন্নীত করা হয়নি। একইভাবে আওয়ামী লীগ সরকারের আমলেও স্থানীয় নেতাদের মাধ্যমে একই দাবি জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি।এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করা শিক্ষার্থী আমেনা বেগম বলেন, ‘এখানে দুই বছর পড়াশোনা করেছি। এখন অন্য কলেজে ভর্তি হতে হবে। ডিগ্রি থাকলে এখানেই পড়াশোনা করতে পারতাম। আমার মতো অনেকেই আছে। কলেজটিতে ডিগ্রি কোর্স চালু করা জরুরি।’কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন বলেন, সরকারি মহিলা কলেজে ডিগ্রি কোর্স চালুর দাবি শুধু শিক্ষক-শিক্ষার্থীদের নয়, পুরো সুনামগঞ্জবাসীর। কলেজের শিক্ষকসংকট দূর করে এখানে ডিগ্রি কোর্স চালু করলে জেলায় নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হবে।কলেজের অধ্যক্ষ নেছার আহমদ জানান, এখানে ডিগ্রি কোর্স চালুর প্রাথমিক অনুমোদন আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ জন্য প্রয়োজনীয় ফি জমা দেওয়া হয়েছে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দল এসে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তিনি বলেন, ‘আশা করছি আগামী বছর থেকে ডিগ্রিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।’