২৩ বিডিআর সদস্যের দণ্ড
বিডিআর বিদ্রোহ মামলায় লালমনিরহাটের ৩১ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন আদালত। একজনকে সসম্মানে খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ৩১ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত এই রায় দেন। মামলার মোট আসামি ছিলেন ২৪ জন।এদিকে কুড়িগ্রামে ২৭ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচারকাজ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি এবং সিলেটে ২১ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।লালমনিরহাটে গতকাল রায় ঘোষণার মাধ্যমে আদালতের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন বিশেষ আদালত-১৩-এর সভাপতি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। রায়ে সেপাই নজরুল ইসলাম ও সেপাই প্রণয়ন চাকমাকে পাঁচ বছর করে; সেপাই নাজমুল শাহাদৎকে চার বছর; সেপাই কমরউদ্দিনকে আড়াই বছর; সেপাই মহব্বত আলী ও সেপাই তারিকুল ইসলামকে দুই বছর করে; ল্যান্স নায়েক মতিউর রহমান, সেপাই দিল মো. দুলাল, সেপাই পারভেজ আলম, হাবিলদার ছামেদুল ইসলাম, ল্যান্স নায়েক তছলুর রহমান, সেপাই জয়নাল আবেদীন, ল্যান্স নায়েক মো. আসাদুজ্জামান, সেপাই আবদুর রহমান ও নায়েক আবুল কালাম আজাদকে দেড় বছর করে; সেপাই হাবিবুর রহমানকে এক বছর তিন মাস; হাবিলদার (সিগন্যাল) নিজামউদ্দিন, সেপাই শাহাদৎ হোসেন ও জেসিও নায়েব সুবেদার সিরাজুল হককে এক বছর করে; সেপাই আমির হোসেন ও সেপাই আশরাফুল হুদাকে নয় মাস; সেপাই রোকন খালাসিকে ছয় মাস এবং জেসিও নায়েব সুবেদার ইউসুফ আলীকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সবার কারাদণ্ডই সশ্রম।রায়ে সেপাই মো. আবু সিদ্দিককে খালাস দেওয়া হয়। বিচারকাজ চলার সময় যে সাতজন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন, তাঁদের একজন সেপাই সিদ্দিক। রায়ে সন্তোষ জানিয়ে আবু সিদ্দিক বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আশা করি, আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমার চাকরি ফিরিয়ে দেওয়া হবে।’২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সমর্থনে লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহ করেন আসামিরা। এ ঘটনায় ২৪ জন বিডিআর সদস্যকে আসামি করে মামলা করেন ব্যাটালিয়নের জেসিও সুবেদার হাবিবুর রহমান।রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ২৩ জন আসামিকে পুলিশ ও র্যাবের পাহারায় লালমনিরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের ভ্যানে আসামিরা কান্নাকাটি এবং তাঁদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে চিৎকার করতে থাকেন।এদিকে কুড়িগ্রামে ২৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ৫০ জন বিডিআর সদস্যের বিচারকাজ আগামী ৩ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। গতকাল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর সামনে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান মামলার কৌঁসুলি ২৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার। বিচারকাজ পরিচালনা করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ। লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার প্রেস ব্রিফিংয়ে জানান, আসামিদের বিরুদ্ধে পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অস্ত্রাগার লুট করা, গুলি ছুড়ে ব্যাটালিয়নের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করাসহ নানা অভিযোগ উত্থাপন করা হয়। আদালত ২৭ দিনের মধ্যে ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড (বেসামরিক উকিল) নিয়োগের জন্য আসামিদের সুযোগ দিয়েছেন। তবে ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজড নিজে যুক্তিতর্কে অংশ নিতে পারবেন না। শুধু পরামর্শ দেবেন। পাশাপাশি সাক্ষীদের তালিকাও আসামিদের সরবরাহ করার আদেশ দেওয়া হয়েছে।সিলেটের ২১ রাইফেলস ব্যাটালিয়নের ৪৪ সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের মামলায় গতকাল অভিযোগ গঠন করা হয়েছে বিডিআর সিলেট সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৪-তে। এ সময় অভিযুক্ত ৩৭ জন আসামি দোষ স্বীকার করেন। বাকি সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। বিকেল সোয়া পাঁচটায় প্রেস ব্রিফিংয়ে মামলার প্রসিকিউটর ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল কাদির এ কথা জানান।বিচার চলার সময় অভিযুক্ত বিডিআর সদস্য ল্যান্স নায়েক মো. আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৯ অক্টোবর বিদ্রোহের মামলায় এই ৪৪ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। আজ বুধবার সকালে আদালত আবার বসবে।