২৩ ভবন ভাঙা হচ্ছে এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসেই রাজধানীতে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ২৩টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে হেলে পড়া ভবনগুলো অগ্রাধিকার ভিত্তিতে ভাঙা শুরু হয়েছে। নতুন কোনো ভবন হেলে পড়লে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তা তাৎক্ষণিকভাবে ভাঙারও সিদ্ধান্ত হয়েছে। এদিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বেগুনবাড়ি এলাকায় টিনের তৈরি শতাধিক দু-তিনতলা বাড়ি আজ থেকে ভাঙা শুরু হচ্ছে। এসব ঝুঁকিপূর্ণ বাড়িতে প্রায় এক লাখ নিম্ন আয়ের লোক বাস করে। সম্প্রতি এমন কয়েকটি টিনের বাড়ির ওপর পাঁচতলা একটি ভবন উপড়ে পড়ে ২৫ জন মারা যায়।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ পাঁচ হাজার ভবনের যে তালিকা তৈরি করা হয়েছে, তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনগুলো আগে ভাঙা হচ্ছে। পর্যায়ক্রমে সব ভবনই ভাঙা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রভাবকে আমলে নেওয়া হবে না। মিরপুরে হেলে পড়েছে ছয়তলা ভবন: মিরপুর মাজার রোডের ১১২/এ/৪ নম্বরের ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। গতকাল রোববারই রাজউক তা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। রাজউকের পরিদর্শক বাসু দেব ভবনটি পরিদর্শন করে তা হেলে পড়ার বিষয় নিশ্চিত করেন। এটি জব্বার হাউজিং সোসাইটির প্রথম কলোনির একটি ভবন। রাজউক আজকের মধ্যে বাসিন্দাদের ভবনটি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। ভবনের পানি ও বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে ভবনটি ভাঙার কাজ শুরু হবে বলেও নিশ্চিত করেছে রাজউক।ভবনের মালিক খলিলুর রহমানের বিরুদ্ধে রাজউক দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি করেছে। তাঁকে বাড়ি খালি করে তা ভেঙে ফেলতেও নোটিশ দেওয়া হয়েছে। ডেমরার কাজলায় ও বেগুনবাড়িতেও দুটি ভবন হেলে পড়েছে। এগুলোও চলতি মাসে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজউক। পপুলার ডায়াগনস্টিকের অনুমোদনহীন অংশ ভাঙা শুরু: গতকাল দুপুর ১২টার দিকে ১১ নম্বর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙার কাজ শুরু করেছে রাজউক। ছয়তলার অনুমোদন নিয়ে ভবনটির নির্মাণ শুরু করা হয়। কিন্তু নকশাবহির্ভূতভাবে দোতলা থেকে নির্দিষ্ট জায়গার বাইরে রাস্তা ঢেকে চার ফুট অতিরিক্ত চওড়া করা হচ্ছিল ভবনটি। পপুলারের ভবন নির্মাণকাজ তদারকিতে নিয়োজিত প্রকৌশলী জুবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, বৃষ্টির পানি যাতে পথচারীদের ওপর না পড়ে সে জন্য দোতলায় কিছু অংশ নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। রাজউক আপত্তি করায় তা ভেঙে ফেলা হচ্ছে। পূর্ব নাখালপাড়ার হেলে পড়া ভবন: ভবনটি ভাঙার কাজ গতকাল জোরদার করা হয়েছে। রাজউকের ৩০ ও মালিকপক্ষের ৩৫ জন শ্রমিক এই ভাঙার কাজ করছেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে পাঁচতলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়। বিকেল পর্যন্ত ভবনটির তিনতলা পর্যন্ত দুই পাশের দেয়াল ভাঙা হয়েছে। দোতলা টিনের ঘর আজ থেকে ভাঙা শুরু: আজ বেগুনবাড়ি খালের পাশের বন্যাপ্রবণ এলাকার ওপর নির্মিত শতাধিক টিনের তৈরি দোতলা-তিনতলা বাড়ি ভাঙার কাজ শুরু হবে। এ কাজে পুলিশ ও সেনাবাহিনী সহায়তা করবে বলে জানা গেছে। টিনের এই ঘরগুলোর বেশির ভাগই একদিকে হেলে পড়ায় তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মন্তব্য করে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে এই ভবনগুলো ভাঙা না হলে তা নিজে নিজেই যেকোনো সময় ভেঙে যেতে পারে। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকছে। একই এলাকার ১৬/১৭ নম্বর হোল্ডিংয়ের আরেকটি পাঁচতলা ভবনও আজ ভাঙা হবে। শুধু বেগুনবাড়িতেই ১২টি অনুমোদনহীন ভবন ভাঙতে হবে বলে জানিয়েছে রাজউক। বেগুনবাড়ির হেলে পড়া আরেকটি ভবন গত সপ্তাহে ভাঙার কাজ শুরু করলেও মালিকপক্ষ দুই দিন ধরে ভাঙার কাজ বন্ধ রেখেছে। রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের মধ্যে দরপত্র ডেকে চলতি সপ্তাহের মধ্যে রাজউকের তত্ত্বাবধানে ভাঙার কাজ শুরু করা হবে। আরও যেসব ভবন ভাঙা হবে: ৪/এ তেজগাঁও ইন্দিরা রোডের মাহবুব প্লাজা, ইন্টিমেট প্রপার্টিজ লিমিটেডের মোহাম্মদপুর জাকির হোসেন রোডের ই ব্লকের এইচ/৬ নম্বর বাড়ি, ২০/৩ পান্থপথ (পশ্চিম), ৩২৯/১ এলিফ্যান্ট রোডের বাড়ির অনুমোদনহীন অংশ এ মাসেই ভাঙা হবে। এ ছাড়া ধানমন্ডি আবাসিক এলাকার ৭/এ সড়কের ৭৪ নম্বর বাড়ির একটি ভবন, লালমাটিয়ার সি ব্লকের ২/৪/খ, কাঁঠালবাগানের (বাজার) ১৪৪ ফ্রি স্কুল স্ট্রিট, ১৬ কলেজ স্ট্রিট, ৮/১ বকশিবাজার লেন, ১৪৮ মালিবাগ বাজার রোডের সুফিয়া ভিলা, ৩৮০/বি/১ উত্তর গোড়ানের আইডিয়াল হোল্ডিং লিমিটেডের দোতলা সোমা ভিলাও ভাঙার সিদ্ধান্ত হয়েছে। এসব ভবনের মালিকদের নোটিশও করা হয়েছে। রাজউকের কাছে নকশা জমা না দিয়ে নির্মাণ করায় ১৩১ দক্ষিণ গোড়ানের মুন লাইট ডেভেলপমেন্টের নির্মাণাধীন ছয়তলা ভবনও ভাঙা হবে। রাস্তার জন্য জমি না ছাড়ায় ১৩/১/২ কে এম দাস লেনের দোতলা ভবন, ১/৫৯ দক্ষিণ মুগদাপাড়ার বাড়ির একাংশ, ৬৯৪/২ উত্তর শাহজাহানপুর ও ৫৬৭ পেয়ারাবাগের ভবন ভাঙা হবে।৩২২/২ মোহাম্মদপুর জাফরাবাদ পুলপাড় ও ৩৩৮ এলিফ্যান্ট রোডের দুটি ভবন ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল রাজউক। তবে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় আপাতত ভাঙা হচ্ছে না।