২৩ মার্চ ঢাকায় ওলামা-মাশায়েখ পরিষদের সমাবেশ
২৩ মার্চ শনিবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করবে বাংলাদেশ ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত শেষ করা, কথিত মুরতাদ নাস্তিকদের শাস্তিসহ আরও কিছু দাবিতে এ সমাবেশ আহ্বান করা হয়।আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন মাসউদ। ওলামা-মাশায়েখ ও মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।লিখিত বক্তব্যে বলা হয়, ‘ব্লগের নামে কতিপয় দুরাচার মহানবী (স.)-এর নিষ্কলুষ চরিত্রের ওপর কাল্পনিক কালিমা লেপনের ক্ষমার অযোগ্য ঔদ্ধত্য প্রদর্শন করে চলেছে, যা দেশের নব্বই ভাগ নাগরিকের ধর্মীয় অনুভূতিতে অমোচনীয় ক্ষতের সৃষ্টি করেছে। এই নিকৃষ্ট নরকের কীটদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধান করতে হবে।’আরও বলা হয়, ‘জামায়াতে ইসলামী শুধু মানবতাবিরোধী শক্তিই নয়, এরা ইসলামের শত্রু। এরা প্রকাশ্যে মহানবী (স.)-এর সঙ্গে দলীয় নেতাদের তুলনা করেছে। ধর্মের নামে জঙ্গিবাদকে রুখতে হলে এদের রাজনীতি বন্ধ ও এদের অর্থের উত্সগুলো বাজেয়াপ্ত করতে হবে।’কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলামের আন্দোলনকে ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ সমর্থন করে কি না জানতে চাইলে ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছি।’এক প্রশ্নের জবাবে সংগঠনের নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী বলেন, ‘আমাদের আলেমদের দূরদর্শিতা নেই। হেফাজতের আন্দোলন জামায়াতের ইন্ধনে হচ্ছে।’ মাসউদ বলেন, ‘প্রধানত, দুটি অঙ্গীকারের ওপর দেশের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে। এর একটি হলো মানবতাবিরোধী অপরাধের বিচার, আরেকটি হলো কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার অঙ্গীকার। কিন্তু ধর্মীয় কিছু বিষয়ে সরকার যা করেছে, তাতে কোরআন-সুন্নাহর আলোকে প্রশ্ন তোলা যায়।’