২৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
রাজধানীর দক্ষিণখানে ২৩ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ আজ শনিবার বিকেলে অভিযান চালিয়ে জাল নোট তৈরির কারখানা ও চক্রের খোঁজ পায়। ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল বিকেলে চারটার দিকে দক্ষিণখান থানার ১৫৭ পূর্ব আজমপুরের একটি বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে জাল নোট তৈরি করার সময় একটি চক্রের প্রধান মো. বাবু (২৮) ও তাঁর দুই সহযোগী মো. শাহীন (২৪) ও মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ২৩ লাখ টাকা মূল্যমানের ৫০০ ও এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও এ সময় উদ্ধার করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, একটি চক্রের প্রধান মো. বাবুর নেতৃত্বে তাঁর সহযোগীরা পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জাল নোট বাজারজাত করতে তত্পর। তাঁদের কাছ থেকে ২৪ লাখ জাল নোটের কাগজ উদ্ধার করা হয়েছে।