২৩ শতাংশ বেড়েছে যৌন নির্যাতনের অভিযোগ
যুক্তরাষ্ট্রের নৌ, বিমান ও সামরিক বাহিনীর তিনটি একাডেমিতে অন্যান্য বছরের তুলনায় ২০১২ সালে যৌন নির্যাতনের অভিযোগ ২৩ শতাংশ বেড়ে গেছে। এটিকে ‘বিদ্যমান সমস্যা’ অভিহিত করে এ ব্যাপারে অবিলম্বে জোরালো ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।২০১১-১২ শিক্ষাবর্ষে তিনটি সামরিক একাডেমিগুলোর ক্যাডেট ও মিডশিপম্যানদের কাছ থেকে ৮০টি অভিযোগ জমা পড়েছে। এর আগে ২০১০-১১ শিক্ষাবর্ষে জমা পড়েছিল ৬৫টি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রেই নারী এসব যৌন নিপীড়নের শিকার। তবে চারজন পুরুষের কাছ থেকেও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।তিন বাহিনীর সচিবদের কাছে পাঠানো চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, ‘এ বছরের বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, আমাদের ধারাবাহিক চেষ্টা সত্ত্বেও সমস্যাটা থেকেই যাচ্ছে।’ প্যানেট্টা জানান, মেরিল্যান্ডের অ্যানাপলিসে অবস্থিত নৌবাহিনী, কলারাডোর বিমানবাহিনী ও নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টে অবস্থিত সামরিক একাডেমিতে এ বিষয়ে উন্নতি দেখা যাচ্ছে না। তিনি এসব প্রশিক্ষণ কেন্দ্রে অবিলম্বে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।