২৩ সেপ্টেম্বর থেকে ছিটমহলবাসীর নতুন আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত ১৬২টি ছিটমহলের বাসিন্দারা ছিটমহল বিনিময়ের দাবিতে নতুন করে আন্দোলনে নামছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোচবিহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আগামী ২৩ সেপ্টেম্বর ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা।বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত সংবাদ সম্মেলনে বলেন, ১৯৫৮ সালে নেহরু-নুন, ১৯৭৩ সালে ইন্দিরা-মুজিব এবং ১৯৯২ সালে রাও-জিয়ার মধ্যে ছিটমহল নিয়ে চুক্তি হলেও কাজের কাজ কিছুই হয়নি। ছিটমহল সেই অন্ধকারেই রয়ে গেছে। এবার মনমোহন-হাসিনার চুক্তি ওই সব চুক্তির পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ছিটমহলবাসী দীর্ঘ এক দশক ধরে ছিটমহল বিনিময়ের দাবিতে আন্দোলন করলেও দুই দেশের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। তাই ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দুই দেশের ছিটমহলবাসীর নাগরিকত্বসহ অবিলম্বে ছিটমহল বিনিময়ের দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১৬২টি ছিটমহলে একযোগে আন্দোলন করবে।আমাদের কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক ও পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখা ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেতরে ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ার কালীহাট বাজার ও পঞ্চগড় সদর উপজেলার ভেতরে ভারতীয় ছিটমহল গাড়াতীতে সংবাদ সম্মেলন করে একই কর্মসূচি ঘোষণা করে।আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে: ২৩ সেপ্টেম্বর কোচবিহার এবং জলপাইগুড়ির প্রতিটি গ্রামে জনমত সংগ্রহ অভিযান, ২৪ সেপ্টেম্বর শহরে জনমত সংগ্রহ অভিযান, ২৫ সেপ্টেম্বর সর্বসাধারণের সাক্ষর সংগ্রহ অভিযান, ২৬ সেপ্টেম্বর ছিটমহলে নিষ্প্রদীপ, ২৭ সেপ্টেম্বর অরন্ধন, ছিটমহলের কোনো বাড়িতে দিনের বেলা রান্নার চুলা জ্বলবে না, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ছিটমহলের প্রতিটি বাড়িতে মোমবাতি প্রজ্বালন, ২৯ সেপ্টেম্বর মৌন মিছিল, দুপুর ১২টায় ভারত, সাড়ে ১২টায় বাংলাদেশ, ৩০ সেপ্টেম্বর সাইকেল মিছিল, সকাল নয়টা থেকে দুইটা ভারতে, সাড়ে নয়টা থেকে আড়াইটা বাংলাদেশে, ১ অক্টোবর মশাল মিছিল, সন্ধ্যা সাড়ে পাঁচটায় ভারতে, ছয়টায় বাংলাদেশে এবং ২ অক্টোবর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। একই সঙ্গে দাবিদাওয়া মানা না হলে অনশন কর্মসূচি ঘোষণা।ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে।