২৩০ কর্মকর্তা-কর্মচারী ও নিয়োগকারীদের কারণ দর্শাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ কর্মকর্তা-কর্মচারীর প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে নিয়োগ-প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।প্রয়াত উপাচার্য আফতাব আহমাদের সময়ে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা-কর্মচারীকে নোটিশ পাওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সভার সিদ্ধান্ত সংবাদমাধ্যমে না জানানোর জন্য সিন্ডিকেট সদস্যরা একমত হন। যে কারণে আনুষ্ঠানিকভাবে কেউই সভার সিদ্ধান্ত জানাননি। ওই সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান উপস্থিত ছিলেন।গতকালের সভায় ঘুপচি বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক এবং নিয়োগ-প্রক্রিয়া যাচাই-বাছাই করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে বলেন, বাইরে থেকে যত চাপ আসুক না কেন, তড়িঘড়ি করে এবং বিশ্ববিদ্যালয় আইনের বাইরে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক গত বছর এই নিয়োগ অনিয়ম সম্পর্কে জাতীয় সংসদে ৭১ বিধিতে একটি মনোযোগ আকর্ষণী নোটিশ আনেন। এরপর তদন্তসাপেক্ষে প্রথম দফায় ২৩০ কর্মকর্তা-কর্মচারির চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে। ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, তাঁরা পত্রিকায় বিজ্ঞাপন দেখে এবং নিয়মমাফিক আবেদন করে চাকরি পেয়েছেন। ইতিমধ্যে তাঁদের চাকরি স্থায়ী হয়েছে এবং ছয় বছর ধরে তাঁরা চাকরি করছেন। এমতাবস্থায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তাঁদের চাকরিচ্যুত করতে চাইছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ অনিয়মের মূল ব্যক্তি ছিলেন প্রয়াত সাবেক উপাচার্য আফতাব আহমেদ। তাঁর আদেশ-নির্দেশে এসব নিয়োগ সম্পন্ন হয়েছে। তিনি মারা যাওয়ার পর নিয়োগপ্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের অনেকেই দায় এড়ানোর সুযোগ পেয়েছেন। তাঁরা বলছেন, অনিয়ম হয়ে থাকলে তা করেছেন সাবেক উপাচার্য, এর দায় নিয়োগপ্রক্রিয়ায় সম্পৃক্ত বা নিয়োগপ্রাপ্তদের ঘাড়ে খুব একটা বর্তায় না।