২৩০ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার তিন সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের পর্যালোচনা বৈঠকে এই অনানুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। ৩১ আগস্ট সিন্ডিকেটের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। জানা যায়, ২০০৪ সালের সেপ্টেম্বরে প্রয়াত সাবেক উপাচার্য আফতাব আহমাদের সময়ে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছিলেন। অভিযোগ ছিল, ঘুপচি বিজ্ঞাপনের মাধ্যমে তাঁরা নিয়োগ পান। প্রায় ছয় বছর ধরে বিষয়টি নিয়ে তদন্ত, মামলা-পাল্টা মামলাসহ অস্থিতিশীল অবস্থা চলে আসছে। ভুয়া বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, একজন উপ-রেজিস্ট্রার, একজন সহকারী রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি দেয়। তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।জানা যায়, জোট সরকারের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম নিয়ে সাংসদ ফজলে রাব্বীর জনস্বার্থে দায়ের করা রিট আবেদন দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয়। ওই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ আদালত বৈধ বলে রায় দিয়েছিলেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গাজীপুরের সাংসদ আ ক ম মোজাম্মেল হক জাতীয় সংসদে নিয়োগে অনিয়মের বিষয়টি নতুনভাবে উত্থাপন করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুজন সিন্ডিকেট সদস্য খায়রুল ইসলাম ও মুহাম্মদ সামাদকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিও প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এই পরিপ্রেক্ষিতে গতকাল একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শাহ আলম ও ফারুক কাদের, গাজীপুরের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, দুই সহ-উপাচার্য তোফায়েল আহমেদ ও সাইদুর রহমান এবং কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমি অভিযোগকারী পক্ষ হিসেবে বলেছি তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নিতে। তদন্তে ফাঁকফোকর থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছি, যেটুকু অনিয়ম চিহ্নিত হয়েছে, তার ভিত্তিতে আগে ব্যবস্থা নিতে হবে।’ এক প্রশ্নের জবাবে ওই সাংসদ বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মত হয়েছে। আগামী সিন্ডিকেটে বিষয়টি চূড়ান্ত হবে।’এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গাজীপুরের স্থানীয় সাংসদ, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক শিক্ষক-কর্মকর্তাদের চাপের মুখে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন পদস্থ কর্মকর্তা বলেন, ইতিপূর্বে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা প্রত্যেকে আদালতের রায় নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছেন। এ ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে। তবে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে ছয় বছর পর একযোগে চাকরিচ্যুত করা হলে তা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা তৈরি করবে—এমন আশঙ্কা করেন তিনি।তবে স্থানীয় সাংসদ মোজাম্মেল হক এ প্রসঙ্গে বলেন, কী হবে সেটি পরের কথা। অন্যায়ের প্রতিকার করার চেষ্টা করে যেতে হবে।