নিউজিল্যান্ড দলপতি ড্যানিয়েল ভেট্টরি ও টিম সাউদি নিজেদের মধ্যে আটটি অসি উইকেট ভাগাভাগি করে নিয়ে বিপদে ফেলে দিয়েছেন সফরকারীদের। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৩১ রানে। দিন শেষে ১৩ ওভার বল করে কিউইদের সংগ্রহ ১৯ রান। তবে ইতিমধ্যেই প্যাভেলিয়নে ফেরত গেছেন ম্যাককিনটোশ। একমাত্র সফল অস্ট্রেলিয়ান বোলার বলিঞ্জার। সাইমন ক্যাটিচ একক কর্তৃত্বে ধরেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের হাল। তাঁর ৮৮ রানের কল্যাণেই অস্ট্রেলিয়ার ইনিংস ২০০ পেরিয়েছে। পরাক্রমশীল অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের ব্যর্থতা আজ হ্যামিল্টনে বড় করুণভাবেই দেখা দিয়েছে। রিকি পন্টিং, শ্যেন ওয়াটসন, মাইক হাসি ও মাইকেল ক্লার্কের মতো ব্যাটসম্যানরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অত্যন্ত দৃষ্টিকটু কিছু ভুলে শেষ হয়েছে তাঁদের ইনিংসগুলো। মূলত অসি ব্যাটসম্যানদের ব্যর্থতার সুযোগ গ্রহণ করেই হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় ২৫ রানে প্রথম উইকেটের পতন ঘটে তাদের। ওয়াটসনকে আরনেলের ক্যাচে পরিণত করেন সাউদি। এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটে অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের রান আউটের মধ্য দিয়ে। পন্টিং রান আউটের শিকার হন তাঁর প্রতিপক্ষ দলপতি ভেট্টরির হাতে। পন্টিং আউট হওয়ার পর হাসি ও ক্যাটিচের মধ্যে গড়ে ওঠে ৫৬ রানের একটি জুটি। সবচেয়ে বড় কথা, এই ৫৬ রানের জুটিই হচ্ছে আজ অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় জুটি। এরপরের সর্বোচ্চ জুটিটি ছিল ৩৩ রানের। সাইমন ক্যাটিচ দলীয় ১৮০ রানের মাথায় চা-বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যক্তিগত ৮৮ রানে আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের লেজ গুটিয়ে যায় খুব অল্প রানেই। ১৮০ রানে ৫ উইকেটে অস্ট্রেলিয়া ২৩১ রান করতেই হারায় বাকি সব কটি উইকেট।দিনের শেষ পর্যায়ে অস্ট্রেলিয়ার ২৩১ রানের জবাবে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। মাত্র ১৩ ওভার ব্যাট করার সুযোগ পেলেও এরই মধ্যে তারা একটি উইকেট হারিয়েছে। বলিঞ্জারের বলে বোল্ড হয়েছেন ম্যাককিনটোশ। সংগ্রহ মাত্র ১৯ রান। ভালো বোলিং করেও তাই পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না ভেট্টরি। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ২৩১ (প্রথম ইনিংস)সাইমন ক্যাটিচ ৮৮ভেট্টরি ৪/৩৬, সাউদি ৪/৬১নিউজিল্যান্ড ১৯/১ (১৩ ওভার)