বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২৩৬ জন চিকিৎসকের (মেডিকেল অফিসার) নিয়োগ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি অনুসারে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত কর্তৃপক্ষ ২৩৬ জন চিকিৎসককে নিয়োগ দেয়। আইনবহির্ভূতভাবে এসব নিয়োগ দেওয়া হয়েছে, এমন দাবি করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ২ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগের প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত করেন। পরে ওই স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত হয়। এর আগে হাইকোর্টের জারি করা রুলের ওপর চলতি মাসে শুনানি শুরু হয়। চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী তানজিব-উল আলম এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম মামলা পরিচালনা করেন। তানজিব-উল আলম বলেন, ‘২৩৬ জনের চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আপিলের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।’ কে এম হাফিজুল আলম বলেন, বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ না করে কিছুসংখ্যক মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার কথা বলা হয়। কিন্তু বলা হয়েছে, চাকরির শর্তাবলি-সংক্রান্ত ২০০০ সালের ২৪ জানুয়ারি অধ্যাদেশের ৫(ঙ) বিধির আলোকে এটা করা হয়। এই বিধি অবৈধ ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে বিধির আলোকে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে।