২৩৮ যান ভাঙচুর, ১৭টিতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির সময় গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে অন্তত ২৩৮টি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা। অগ্নিসংযোগ করা হয় ১৭টি যানবাহনে। এ সময় চুয়াডাঙ্গার জীবননগর, ময়মনসিংহের গফরগাঁও, চট্টগ্রামের আনোয়ারা ও পিরোজপুরের জিয়ানগর উপজেলা, বরিশাল ও সিরাজগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পটুয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রামের মিরসরাই, নওগাঁর রানীনগর, লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ; কিশোরগঞ্জের বাজিতপুর, চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ; সাতক্ষীরার কলারোয়া, নীলফামারীর ডিমলা, টাঙ্গাইলের ধনবাড়ী ও মাদারীপুরের শিবচর উপজেলায় সংঘর্ষ হয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। রাজশাহী, গাইবান্ধা, পাবনা, কিশোরগঞ্জ, খুলনার দৌলতপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার হোমনা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এসব ঘটনায় পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীসহ অন্তত ৪২০ জন আহত হন। হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিরসরাইয়ে দুটি এবং পটুয়াখালীর বাউফল, চাঁদপুরের হাজীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে একটি করে বিএনপির মোট ছয়টি কার্যালয় ভাঙচুর এবং লালমনিরহাটের পাটগ্রাম ও নওগাঁর রানীনগরে বিএনপির তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ করে।সবচেয়ে বেশি যানবাহন ভাঙচুর করা হয় কিশোরগঞ্জ ও গাজীপুর জেলায় অন্তত ৫০টি করে। এরপর রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ায় ৩০টি ও গাইবান্ধায় অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা। এলোপাতাড়ি ভাঙচুরে বগুড়ায় অনেক যাত্রী আহতও হন। বগুড়ার শেরপুরের মহীপুরে অবরোধকারীরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন।সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে কড্ডার মোড়ে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওয়ারেজ আলী (৬০) নামের এক জামায়াত কর্মী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। অবরোধকারীরা পুলিশের দুটি গাড়ি ও সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের সাংসদ চয়ন ইসলামের ল্যান্ডক্রুজার জিপ ভাঙচুর করেন এবং চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন। এতে যাত্রীদের মালামাল পুড়ে যায়। এ সময় ১৫টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বগুড়া: সকাল সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া শহরতলির বনানী লিচুতলায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন অবরোধকারীরা। এতে চালকসহ তিন পুলিশ সদস্য আহত হন এবং গাড়িতে থাকা পুলিশের তিনটি নতুন মোটরসাইকেল পুড়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়।এর আগে সকাল ছয়টার দিকে শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স, ঠাকুরগাঁওগামী একটি নৈশকোচসহ কমপক্ষে ১০টি যানবাহন ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় কাচের টুকরার আঘাতে অনেক যাত্রী আহত হন। একই সময় শহরের বনানী, লিচুতলা, শাজাহানপুরসহ কয়েকটি স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২০টি দূরপাল্লার বাস ভাঙচুর করেন অবরোধকারীরা।নন্দীগ্রাম উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শেরপুরের মহীপুরে সকালে অবরোধকারীরা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়েন।চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলা শহরে সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে জীবননগর থানার ওসি শাহজাহান খান ও স্থানীয় দুই সাংবাদিকসহ ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় এবং দুই পক্ষের নেতা-কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের মোটরসাইকেলসহ ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন অবরোধকারীরা। ভাঙচুর করেছেন পুলিশবাহী একটি ট্রাক।নওগাঁ: রানীনগর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলাকালে বিএনপির সমাবেশে হামলা চালান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় তিনজন আহত হন। পরে যুবলীগ ও ছাত্রলীগের সমর্থকেরা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ও টেলিভিশন ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেন।গাইবান্ধা: সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর থেকে পলাশবাড়ী পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এ সময় ২০টি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা। বাধা দিলে তাঁরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পুলিশসহ ১৫ জন আহত হন। মহাসড়কের ধাপেরহাট বাজারে ভাঙচুর করা হয় একটি বাস।পাবনা: সদর উপজেলার জাফরাবাদ, মধুপুর ও ধোপাঘাটা এবং পাবনা-সুজানগর সড়কের তারাবাড়িয়া মোড়ে পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। তারাবাড়িয়া মোড়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। চাটমোহরে একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।লালমনিরহাট: পাটগ্রাম পৌর এলাকার সোহাগপুর মোড়ে অবরোধকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন পাঁচ পুলিশ ও ১০ নেতা-কর্মী। এর জের ধরে পৌর ও উপজেলা বিএনপির দুটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।কালীগঞ্জের ভুল্লারহাটে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের নেতা-কর্মীরা ভাঙচুর চালান। মহেন্দ্রনগর এলাকায় সকালে একটি বাস ভাঙচুর করেন বিএনপির কর্মীরা।মিরসরাই (চট্টগ্রাম): বিএনপির নেতা-কর্মীরা বারইয়ারহাট পৌর বাজারে কমপক্ষে ২০টি যানবাহন ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সওদাগরের মালিকানাধীন রোজিনা হোটেল ভাঙচুর করেন। এর জের ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির নেতাদের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান, বারইয়ারহাট পৌর ও উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। বিএনপির কার্যালয় ভাঙচুরের ছবি তুলতে গেলে দৈনিক চট্টগ্রাম মঞ্চ-এর মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেনকে পেটান ছাত্রলীগের কর্মীরা।ফটিকছড়ি (চট্টগ্রাম): বেলা সাড়ে ১১টায় অবরোধবিরোধী মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন। মিছিলটি সদরের বাসস্টেশন হয়ে বিএনপির এশিয়া প্লাজার কার্যালয়ের দিকে এলে তিনতলা থেকে নেতা-কর্মীরা মিছিল লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী আহত হন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে পুলিশ কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়। ছাত্রলীগের সমর্থকেরা কার্যালয়ের কিছু কাচ ভাঙচুর করেন। বিকেলে ছাত্রলীগের সমর্থকেরা জামায়াতের উপজেলা কার্যালয়ের আসবাব ও বইপুস্তক তছনছ করেন ও আগুন ধরিয়ে দেন।চট্টগ্রাম: নগরের সব কটি প্রবেশপথে সকাল থেকে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অবরোধ কর্মসূচিতে অফিস-আদালত, ব্যাক-বিমা কার্যালয় খোলা ছিল। চট্টগ্রাম স্টেশন থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কড়া অবরোধ কর্মসূচি পালিত হয়েছে পতেঙ্গা এলাকায়। এই এলাকায় নেতৃত্ব দেন সাবেক সাংসদ রোজী কবির। চট্টগ্রাম বিমানবন্দরের সঙ্গে মূল শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অবরোধকারীরা।বহদ্দারহাট এলাকায় কিছু রিকশা চলাচল করে। অবরোধে অংশ নিতে আসা কর্মীরা এ সময় রিকশা ভাঙচুর করেন। এতে ওই এলাকা দিয়ে রিকশা চলাচলও বন্ধ হয়ে যায়। তবে ঘণ্টা খানেক পর রিকশা চলাচল শুরু হয়। যান চলাচল বন্ধ থাকায় কর্ণফুলীর দক্ষিণ পাড় থেকে হাজার হাজার মানুষ শাহ আমানত সেতু দিয়ে হেঁটে শহরে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীরা এখানে জড়ো হন।সিটি গেট এলাকায় বিক্ষিপ্তভাবে টায়ার পোড়ানো ছাড়া তেমন কোনো অঘটন ঘটেনি। এখানে সমাবেশে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। সমাবেশে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম একটি মিছিল নিয়ে উপস্থিত হন।অক্সিজেন মোড় এলাকায় গতকাল সকাল নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশের বাধার মুখে অবরোধকারীরা রাস্তার একপাশে সমাবেশ করেছেন।আনোয়ারা (চট্টগ্রাম): অবরোধকারীরা সকাল সাড়ে ১০টায় মিছিল করতে গেলে প্রথমে পুলিশ ও পরে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ছাত্রদলের দুই কর্মীকে আটক করে। হামলায় আহত হন ১০ জন।খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশের দুই সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। অবরোধকারীরা রিকশা, সাইকেল, অটোরিকশা চলাচলে বাধা দেন। বিএনপি চেঙ্গী স্কয়ার থেকে মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব পর্যন্ত মিছিল করে। মিছিলটি চেঙ্গী স্কয়ার এলাকায় ফিরে আসার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মোটরসাইকেল ও জিপ গাড়িতে করে এসে মিছিলের ওপর হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পরিদর্শক শহিদুর রহমান ও সহকারী পরিদর্শক শাহ আলমসহ ওই ১০ জন আহত হন।কিশোরগঞ্জ: সকাল থেকেই ঢাকা-কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কসহ অন্যান্য সড়কে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন। ভাঙচুর করেন অর্ধশতাধিক যানবাহন। সকাল ১০টার দিকে সদর উপজেলার পুলেরঘাট এলাকায় সহকারী পুলিশ সুপারকে বহনকারী গাড়ির ওপর হামলা চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়াসহ ব্যাপক সংঘর্ষ হয়। ইটের আঘাতে পুলিশের ১৫ জন সদস্য এবং পুলিশের লাঠিপেটায় ১০ নেতা-কর্মী আহত হন।ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি, বাজরা ও আগরপুর বাসস্ট্যান্ডে সকাল ১০টার মধ্যে চারটি ট্রাক ভাঙচুর করা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীরা একটি মাইক্রোবাসে ভাঙচুর করেন।ময়মনসিংহ: আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাটমহাল রোডের বিএনপির কার্যালয়ে আগুন দেন। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এতে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলীমুজ্জামানসহ কমপক্ষে ২৫ জন আহত হন।ত্রিশাল (ময়মনসিংহ): সকাল সাতটার দিকে ভালুকার সিডস্টোরে ময়মনসিংহগামী সংবাদপত্র বহনকারী একটি বাস ভাঙচুর করেন অবরোধকারীরা। ত্রিশালে পোশাকশ্রমিক বহনকারী একটি বাসসহ চারটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি, রড নিয়ে মিছিল বের করলে বিএনপির কর্মীরা পিছু হটেন।চাঁদপুর ও হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে অবরোধকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। একপর্যায়ে ছাত্রলীগ ও পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিয়ে হাজীগঞ্জ বাজার সেতুর পূর্ব দিকে নিয়ে যায়। ছাত্রলীগের নেতা-কর্মীরা হাজীগঞ্জ বিএনপির কার্যালয় কেরোসিন ঢেলে পুড়িয়ে দেন। ফরিদগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কর্মীরা বিএনপির অবরোধ মিছিলে ইট-পাটকেল ছুড়লে পুলিশের এক সদস্যসহ তিনজন আহত হন। সকালে চাঁদপুর শহরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা।টাঙ্গাইল: ধনবাড়ী উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।মির্জাপুর (টাঙ্গাইল): বিএনপি ও অঙ্গসংগঠনের তিনটি পক্ষ মির্জাপুরের তিনটি স্থানে অবরোধ করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ক্যাডেট কলেজ নামক স্থানে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।কুমিল্লা: হোমনা উপজেলার কাঠেরপুল এলাকায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের সময় গুলি ছোড়ে পুলিশ। এতে বিএনপির চার কর্মী গুলিবিদ্ধ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ জন আহত হন। এ খবরে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করেন। জেলার বিভিন্ন এলাকায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা ক্রিকেট খেলে এবং মিছিল করে ও টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।নেত্রকোনা: জেলা সদরের রাজেন্দ্রপুর ও কলমাকান্দায় চারটি বাস ও দুটি টেম্পো ভাঙচুর করেন অবরোধ-সমর্থকেরা। পুলিশ আটক করে চারজনকে।রায়পুর (লক্ষ্মীপুর): রামগঞ্জ উপজেলা শহরে সকালে যুবদলের মিছিলে হামলা চালিয়ে উপজেলা যুবদলের সভাপতিসহ আট নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল এলাকাসহ সিলেটের আরও সাতটি এলাকায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ভোর থেকে ওই সব এলাকায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল করেন। মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা বিএনপির দুটি অংশ একই এলাকায় পৃথকভাবে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে।ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির সাবেক সাংসদ আবদুল ওহাবসহ অর্ধশতাধিক নেতা-কর্মী ও সহকারী পুলিশ সুপার আবদুল হালিমসহ ১২ পুলিশ আহত হয়েছেন। বিএনপির কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেন। পুলিশের বেশ কয়েকটি হেলমেটসহ অন্যান্য সরঞ্জাম খোয়া গেছে। আহত ১০ পুলিশকে প্রায় পাঁচ ঘণ্টা একটি দোকানে আটকে রাখা হয়। মাদারীপুর: শিবচর উপজেলার পাচ্চর বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ, দুই পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। পটুয়াখালী: সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী বসাক বাজার ও শিয়ালীর বিমানবন্দর এলাকায় অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। আহত হয়েছেন ২০ জন।বাউফল (পটুয়াখালী): উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে অবরোধের সময় লাঠিসোঁটা নিয়ে হামলা চালান যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এতে বিএনপির অর্ধশত নেতা-কর্মী আহত হন। ভাঙচুর করা হয় বাউফল সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়। এ সময় শাওন নামে ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে দুই পা ভেঙে দেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। খুলনা: দৌলতপুরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছে। ২০টি গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ এবং লাঠিপেটা করে। এতে নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।বরিশাল: সকালে নগরের আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।রাজশাহী: সকালে নগরের বিনোদপুর এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় একটি বাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেন অবরোধকারীরা।নীলফামারী: ডিমলা উপজেলায় অবরোধকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। জলঢাকা উপজেলা শহরে একটি পিকআপ ভ্যানের সামনের কাচ ভেঙেছেন শিবিরের কর্মীরা।গোয়ালন্দ (রাজবাড়ী): অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।লক্ষ্মীপুর: রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তা বাজারে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। সদর উপজেলার চরচামিতা বাজারে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা ঢাকাগামী তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় বিএনপির সমর্থকদের গুলিতে তিনজন আহত হন বলে পুলিশ জানায়। সদর উপজেলার জকসিন বাজারে সংঘর্ষে ছাত্রলীগ, যুবলীগ ও যুবদলের মোট ১০ জন আহত হন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে রাখেন।রায়পুর (লক্ষ্মীপুর): রামগঞ্জ উপজেলা শহরে সকালে যুবদলের মিছিলে হামলা চালিয়ে উপজেলা যুবদলের সভাপতিসহ আট নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।নোয়াখালী: ভোর পাঁচটা থেকেই ১৮ দলের নেতা-কর্মীরা শহরের দত্তেরহাট, পৌরবাজার ও মাইজদী বাজার এলাকায় জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং হাতেগোনা যে কয়টি যানবাহন রাস্তায় বের হয়েছিল, তাও বন্ধ করে দেন। এ সময় তাঁরা দত্তেরহাট এলাকায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও মাইজদী বাজার এলাকায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন।চাটখিলে অবরোধ কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক সড়কে পার্ক করে রাখা একটি বাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।কবিরহাটের নতুন সাহজিরহাট এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীসহ অন্তত পাঁচজন আহত হন। ফেনী: ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে দুপুরে অবরোধের পক্ষে শহরের ট্রাংক রোডে বিএনপির মিছিল শেষে একটি সভা চলছিল। এ সময় কলেজ রোডের পৌর চত্বর থেকে আওয়ামী লীগ ক্রিকেট বিজয়ের আনন্দ শোভাযাত্রা নিয়ে মিজান রোড হয়ে ট্রাংক রোডে পৌঁছে। আওয়ামী লীগের শোভাযাত্রা বিএনপির সভার পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় স্থানীয় সাংবাদিক আরিফ আজমসহ ১০ জন আহত হন।পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ছয়টি কাঁদানে গ্যাসের শেল ও শটগানের তিনটি বুলেট নিক্ষেপ করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কেরানীগঞ্জ (ঢাকা): ভোর সাড়ে ছয়টার দিকে অবরোধকারীরা কেরানীগঞ্জের কদমতলী, জিনজিরা, দড়িগাঁও, ঘাটার চর, রুহিতপুর, শিকারীটোলা, হাসনাবাদ, আবদুল্লাহপুর, রুহিতপুর ও চুনকুটিয়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে টায়ার জ্বালালে পুলিশ বাধা দেয়। ওই সব স্থানে দফায় দফায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। পরে পুলিশের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও যোগ দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান।গাজীপুর ও টঙ্গী: গাজীপুরের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় ভোর থেকে ১৮ দলের নেতা-কর্মীরা সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় নেতা-কর্মীরা একটি ট্রাকে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিএনপির টঙ্গী থানার কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেন।শ্রীপুর (গাজীপুর): অবরোধকারীরা ভোররাত চারটার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় ২৫টি মালবাহী ট্রাক ও লরির চালকদের মারধর করে টাকা ও মুঠোফোন লুট করে। পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিলে একপর্যায়ে তারা উল্টো পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। ভোর ছয়টার দিকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অবস্থান নিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে যায়। নারায়ণগঞ্জ: সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। শহরের মাসদাইর, সিদ্ধিরগঞ্জের গোদনাইল, ফতুল্লার পঞ্চবটীসহ বেশ কয়েকটি স্থানে অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালায়।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): অবরোধের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বেলা ১১টার দিকে আখাউড়া বাইপাস সড়কে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা কলা ও মানবিকী অনুষদ এবং সমাজবিজ্ঞান অনুষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলামের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালান। সকাল ১০টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে তালা দুটি ভেঙে ফেলেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। অবরোধের কারণে বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা হয়। তবে ক্লাস হয়নি অধিকাংশ বিভাগের।