নির্বাচন পেছানোর প্রসঙ্গে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন বলেছেন, যদি ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিএনপি তাতে অংশ নেবে। তিনি বলেন, গতকাল তাঁর দেওয়া বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করেনি গণমাধ্যমগুলো। আজ বৃহস্পতিবার দুপুরে হাফিজউদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। হাফিজউদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন চাইলে নির্বাচন সাত দিন পিছিয়ে দিতে পারে, যাতে অস্ত্র উদ্ধার করে নির্বাচনী পরিবেশ তৈরি হয়। ২৪ এপ্রিল যদি নির্বাচন হয়, তা হলে আমি অংশ নেব। ভোটাররা ভোট দিতে পারলে আমি বিজয়ী হব।’এর আগে লালমোহন উপজেলার সাতানি বাজার এলাকায় এক পথসভায় হাফিজউদ্দিন বলেন, ‘আমি নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে সরকারের পতন হবে।’হাফিজউদ্দিন যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রায় একই সময়ে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ভোলা-৩ আসনে উপনির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াবে না, যতক্ষণ না সরকার বিএনপিকে বের করে দেয়। হাফিজউদ্দিনের নির্বাচন সাত দিন পিছিয়ে দেওয়ার দাবির ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীদের বের করে দেওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সময়ের প্রয়োজন—এদিক থেকে হাফিজের সময় চাওয়াটা যুক্তিসংগত। কেননা, এখনো সেখানে আওয়ামী সন্ত্রাসীরা সরকারের ছত্রছায়ায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।গতকাল বুধবার গ্যাস, বিদ্যুত্ ও পানির দাবিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ব্যাপারে দেলোয়ার বলেন, এটা বিরোধী দলের প্রতি শাসক দলের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।