২৪ এমএলএম কোম্পানির সাফাই গাওয়ার চেষ্টা!
সংবাদ সম্মেলনে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আপট্রেন্ড ডিস্ট্রিবিউশন বিডি লিমিটেড নামক একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. জাকির হোসেন। তাঁর মূল দাবি একটাই, অবস্তুগত কোনো পণ্য এমএলএমের নামে বিক্রি করা যাবে না। অর্থাৎ কমপক্ষে পণ্যের অস্তিত্ব থাকতে হবে। কিন্তু এমএলএমের নামে তিনি নিজেই বিক্রি করেন কথিত কুদরতি মুশকিল আসান ব্রেসলেট! এ ছাড়া বিক্রি হচ্ছে অলৌকিক পানির ফিল্টারসহ নানা ধরনের যৌন উত্তেজক বড়ি। বস্তুগত পণ্য মানে এমন পণ্য কি না, সাংবাদিকেরা জবাব ও ব্যাখ্যা জানতে চাইলে বিব্রত জাকির হোসেন বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের অফিসে আসুন, বুঝিয়ে দেব।’ ‘সম্ভাবনাময় এমএলএম ব্যবসাকে অপপ্রচারের হাত থেকে বাঁচান’ শীর্ষক এ সংবাদ সম্মেলন গতকাল সকালে অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে। আয়োজক ২৪টি এমএলএম কোম্পানি। নিজেদের সাফাই গাওয়াই ছিল সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য। পুরো সংবাদ সম্মেলনে ছিল ভিড়, চিৎকার-চেঁচামেচি ও হইচই। সাংবাদিকদের চেয়ে বাইরের লোকজনই ছিল বেশি। সংবাদ সম্মেলনে উপস্থিত তাজুল ইসলাম নামের একজন প্রথম আলোকে বলেন, ‘আমরা এসেছি মূলত তাদের ধরতে। ভুয়াদের বিরুদ্ধে যারা কথা বলতে এসেছে, এরাও বাটপার, প্রতারক।’ সংবাদ সম্মেলনের মূল ব্যানারের নিচে অর্থাৎ মঞ্চে বসা ছিলেন আটজন। আপট্রেন্ড ডিস্ট্রিবিউশনের এমডি ছাড়া অন্যরা হলেন ম্যাকনম ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ফখরুদ্দিন আসিফ, বিজ-এএম করপোরেশনের এমডি সাইফুল ইসলাম রাশেদ, পিনাকেল সোর্সিং লিমিটেডের মহাব্যবস্থাপক মইন উদ্দিন, বাইয়ো-নিউট্রিশন লিমিটেডের এমডি আনোয়ার হোসাইন, এএমওয়ে ইন্টারন্যাশনালের এআই মাহমুদ মিঠু, প্যানাসিয়া লিমিটেডের এমডি আফজাল হুসাইন বুলবুল, বেলাল হুসাইন প্রমুখ।ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল, বাইরে প্রেসক্লাবের মূল ফটকের সামনে তার আগে থেকেই কিছু লোক মানববন্ধন করছিলেন। টিয়্যান্স বিডি, স্ট্যান্ডার্ড বায়ো-নিউট্রিশন, ভিশন বিডি, ই-লিংক গ্লোবাল মার্কেটিং, নেটওয়ার্ক-২০০৮—এসব কোম্পানির নামে ঝুলছে ব্যানার। কিছুক্ষণ পরপর স্লোগান চলছে। অভিযোগ বাস্তবভিত্তিক পণ্য না থাকা এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে। দাবি, ভুয়াদের বিচার করতে হবে। আর শিগগিরই প্রণয়ন করতে হবে এমএলএম নীতিমালা। কথা হয় ফরেন অর্গানাইজেশন নামক আরেকটি এমএলএম কোম্পানির এক সদস্য নূর মোহাম্মদের (আকাশ) সঙ্গে। উৎসাহের সঙ্গে ভিজিটিং কার্ড দিলেন। সেখানে ইংরেজিতে লেখা, ‘ইফ ইউ এক্সট্রা ইনকাম, কন্ট্রাক্ট মি।’ স্ট্যান্ডার্ড বায়ো-নিউট্রিশনের উপদেষ্টা মুমু খন্দকার জানান, কিছু অবৈধ এমএলএম কোম্পানি মানি মেকিং গেম খেলছে। অবৈধ ব্যাংকিং আর প্রতারণার মাধ্যমে তারা বিদেশে পাচার করছে কোটি কোটি টাকা। ছল-চাতুরী ও প্রলোভনের মাধ্যমে তারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। বিনিয়োগের দুই থেকে তিন গুণ মুনাফা অর্জনের স্বপ্নে অনেকেই জীবনের শেষ সম্বল তুলে দিচ্ছেন তাদের হাতে। ম্যাকনম ইন্টারন্যাশনালের কর্মী (নেটওয়ার্কার) তানজিয়া আক্তার শিল্পী বলেন, তাঁরা চাকরি করছেন। ভেতরের অত কিছু জানেন না। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউনিপে টু ইউ, টিবিআই এক্সপ্রেস, ডেসটিনি-২০০০, ভিসা আরইভি, ইস্পিক তশিয়া, লিজেন্ড ভেনজার, ইউনিকো, গোল্ডেন ট্রে, নিউওয়েসহ কিছু প্রতিষ্ঠান এমএলএমের নাম ভাঙিয়ে অবৈধ ব্যাংকিং ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, কয়েক লাখ মানুষকে পথে বসিয়ে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে তারা। এ সময় আয়োজকেরা নিজেদের প্রতিষ্ঠানগুলোকে বৈধ এমএলএম কোম্পানি বলে দাবি করেন। ‘পণ্য বিনিময়ে টাকা’র পরিবর্তে ‘টাকার বদলে টাকা’ দেওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, এই পদ্ধতি এমএলএমের সর্বোচ্চ সংস্থা মিশিগানের ফেডারেল ট্রেড কমিশন নীতিমালার পরিপন্থী।তবে সাংবাদিকদের কোনো প্রশ্নেরই জবাব দিতে না পারায় কিছুক্ষণের মধ্যেই আয়োজকদের ওপর চড়াও হন নিজেদের প্রতিষ্ঠানেরই কর্মচারীরা। হইচইয়ের একপর্যায়ে পণ্ড হয় সংবাদ সম্মেলন। আর কোনো রকমে গা বাঁচিয়ে বিদায় নেন আয়োজকেরা।