২৪ ঘণ্টা পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৪ ঘণ্টা পর চালু হয়েছে চাঁদপুর-লাকসাম রেলপথ। গতকাল বিকেলে চাঁদপুরের চিতোষী স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেনের সহায়তায় আজ সোমবার বিকেল চারটা ৪০ মিনিটের দিকে রেল লাইন সচল করা হয়। পদ্মা তেল কোম্পানির চাঁদপুরের উপব্যবস্থাপক বদরুল আলম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল চাঁদপুরের পদ্মা ও মেঘনা কোম্পানির জন্য ২৮টি তেলের ট্যাংকার (বগি) নিয়ে একটি ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। বিকেল পাঁচটা ১০ মিনিটে চাঁদপুর-লাকসাম সীমান্ত এলাকায় চিতোষী স্টেশনের কাছে পৌঁছার পর ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে লাইনচ্যুত হয়ে ওই চারটি বগি থেকে ১৭ হাজার ৫০০ লিটার অকটেন, ১৬ হাজার ৮০০ লিটার কেরোসিন ও ৪৬ হাজার ৫০০ লিটার ডিজেল ট্রেন লাইনের পাশে একটি দীঘিতে পড়ে যায়। চারটি বগিতে প্রায় ৫৪ লাখ টাকার তেল ছিল বলে দাবি করেন তিনি।এ ঘটনায় তাঁরা কাউকে দায়ী না করলেও বিষয়ে রেলওয়ের কাছে এর ক্ষতিপূরণ দাবি করা হবে।রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী জানান, বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। এর প্রধান করা হয়েছে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন। চাঁদপুরের চিতোষী স্টেশন মাস্টার তপন কুমার মিত্র জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধারকারী রিলিপ ট্রেন ছাড়াও আরেকটি হাইড্রোলিক ট্রেন আজ সোমবার ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। প্রায় ২৪ ঘণ্টা একটানা চেষ্টা চালিয়ে বগি উদ্ধারসহ লাইন সচল করা হয়। পরে বাকি ২৪টি বগি নিয়ে তেলবাহী ট্রেনটি চিতোষী থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়।