২৪ ঘণ্টা পর বোঝা যাবে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করলেও এখনো লক্ষ্যস্থল ঠিক হয়নি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেনের। আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী ২৪ ঘণ্টা পর বোঝা যাবে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে। তবে দুর্বল না হলে ‘মহাসেন’ আগামী বুধবার ভারত অথবা বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাবে।এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, মহাসেন উত্তর-পশ্চিম দিকে কিছুটা সরে গেছে। পশ্চিমে সরে গেলেও এটি যে ভারতীয় কোনো উপকূলে আঘাত হানবে, এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। দিক পরিবর্তন করতে পারে। তবে ঘূর্ণিঝড়টি ভারত না বাংলাদেশ, কোথায় আঘাত হানবে, তা আগামী ২৪ ঘণ্টা পর বোঝা যাবে।‘মহাসেন’-এর অবস্থানআবহাওয়া দপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪১০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রসৈকত থেকে এক হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর, উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার সমুদ্রসৈকতকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।‘মহাসেন’ মোকাবেলায় কমিটি গঠনঘূর্ণিঝড় মহাসেন সৃষ্ট দুর্যোগ মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি হিসেবে একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদেরকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিতে সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির সদস্য রাখা হয়েছে।আজ রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মান্নান। সভায় জেলা প্রশাসক বলেন, ‘সৃষ্ট ঘূর্ণিঝড়টি চট্টগ্রামের দিকে আসার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে চাই। এ কারণে কমিটি গঠন করা হয়।’ সভায় উপজেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া সব সংস্থাকে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়। জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, সিভিল সার্জন মো. আবু তৈয়ব, ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. শাহনেওয়াজ, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক নজরুল ইসলাম, সাংবাদিক চৌধুরী ফরিদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।