২৪ ঘণ্টার পথ চায় দহগ্রাম-আঙ্গরপোতার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মধ্যে ঢুকে আছে এক টুকরো বাংলাদেশ—দহগ্রাম-আঙ্গরপোতা। এখানে বাস করে প্রায় ১৫ হাজার মানুষ। বাংলাদেশের মানুষ হয়েও মূল ভূখণ্ডের সঙ্গে এদের যোগাযোগ ভিন্ন ধরনের। দিনের ১২ ঘণ্টা এসব মানুষ ছোট একটা পথ পেরিয়ে পথের দুই পাশের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যাওয়া-আসা করে। সন্ধ্যা নামতেই এই পথটুকুও বন্ধ করে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।দুই বাংলাদেশকে যুক্ত করেছে নয় ফুট প্রস্থ পিচঢালা পথ। ছোট্ট এ পথটির আয়তন তিন বিঘা। মানুষের কাছে পরিচিতি পেয়েছে ‘তিনবিঘা করিডর’ নামে। প্রায় দেড় বছর আগে বাংলাদেশ আর ভারতের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনবিঘা করিডরের ওপর দিয়ে একটি উড়ালপথ তৈরি হবে। এতে দিনরাত মানুষ যাতায়াত করতে পারবে।লালমনিরহাট জেলার পানবাড়িগ্রাম দিয়ে করিডর পেরিয়ে দহগ্রাম-আঙ্গরপোতায় ঢুকতেই শুনতে হলো মানুষের নানা অভিযোগ। কেউ বলেন ‘বাংলাদেশ স্বাধীন করতে যুদ্ধ করেছি। তবু আমাদের স্বাধীনতা মেলেনি।’ কেউ বলেন, অবরুদ্ধ থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তাঁরা। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন দহগ্রাম। দহগ্রাম ও আঙ্গরপোতা নামের দুটি পৃথক মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়ন। সরকারি কর্মকর্তা বলেন, ভারতের মধ্যে বাংলাদেশের এই অংশটুকুর আয়তন প্রায় ৩৫ বর্গমাইল। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, একটা সময় দহগ্রাম-আঙ্গরপোতা থেকে মানুষ ইচ্ছা করলেই মূল ভূখণ্ডে আসতে পারত না। অনেকে রাতের অন্ধকারকেই বেছে নিত। এতে বিডিআর (বর্তমানে বিজিবি) আর বিএসএফের হাতে নাজেহাল হতে হতো। এই অবস্থার পরিবর্তন হয় ১৯৯২ সালের ২৬ জুন, ইজারার মাধ্যমে তিনবিঘা করিডর ব্যবহার করার সুযোগ পাওয়ার পর।প্রথম দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঘণ্টা পর পর করিডর খুলে দিত বিএসএফ। তখন আবার বিভিন্ন মহল থেকে করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি ওঠে। এরপর ২০০১ সালের ২৭ এপ্রিল থেকে সকাল সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত করিডর খোলা রাখার সিদ্ধান্ত হয়।করিডর থেকে দহগ্রামের আঁকাবাঁকা প্রধান সড়কটি চলে গেছে আঙ্গরপোতা জিরো পয়েন্ট পর্যন্ত অর্থাৎ ভারত-বাংলাদেশ সীমান্তে। সড়কের শাখাগুলো গ্রামে ঢুকেছে। এসব গ্রামে বাংলাদেশ-ভারতের মানুষ পাশাপাশি বসবাস করে। এ দেশের গরু-ছাগল চরে বেড়ায় ভারতের মাঠে। দীর্ঘ সীমান্তে নেই কাঁটাতারের বেড়া। স্থানীয় মানুষের সঙ্গে বলে জানা যায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া নিয়ে মানুষের দুশ্চিন্তার শেষ নেই। সন্ধ্যার পর গুরুতর অসুস্থ হলে চিকিৎসার অভাবে মৃত্যু ঘটে। ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবা দিতে ১০ শয্যার হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসক থাকেন না। স্বাস্থ্য সহকারী মকবুল হোসেন এই প্রতিবেদককে জানান, চিকিৎসকের চারটি পদের মধ্যে দুটি খালি। হাসপাতালে রোগী ভর্তির ব্যবস্থা নেই। অন্যদিকে এখানে বেসরকারি কোনো চিকিৎসকও নেই। তবে বাজারে কয়েকটি ওষুধের দোকান চোখে পড়ে।মহিমপাড়া নতুন হাটের বাসিন্দা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘৯২ সালে করিডর হওয়ার পর জীবনযাত্রার মান কিছুটা বাড়লেও সমস্যার শেষ নেই। কিছুদিন আগে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে কিছু এলাকায়।’ তিনি গোটা এলাকায় বিদ্যুৎসংযোগ দেওয়ার দাবি করেছেন।দহগ্রামের থানাপাড়ার কৃষক মনসুর আলী বলেন, প্রায় সব মৌসুমেই সেচের সংকট থাকে। সেচের জন্য তাঁরা অগভীর নলকূপ ব্যবহার করেন। তবে গভীর নলকূপ বসানো হলে সব জমি চাষের আওতায় আনা সম্ভব হতো আর বেশি পরিমাণে বোরো, ভুট্টা, তামাক, পাট ও বাদাম উৎপাদিত হতো।মাহিমপাড়ার মুদিদোকানি মজিদুল ইসলাম বলেন, ‘বাইরে থেকে মালামাল আনতে হয়। ব্যবসার কাজে বাইরে গিয়ে কখনো কখনো আটকা পড়তে হয়। করিডর বন্ধ হয়ে গেলে রাতে আর বাড়ি ফিরতে পারি না।’স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ—এসব নিয়ে নানা অভিযোগ-অনুযোগ থাকলেও মানুষ সবার আগে অবরুদ্ধ অবস্থার অবসান চায়। তারা ২৪ ঘণ্টা স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের মতো চলাচল করতে চায়।ইউনিয়ন পরিষদ সূত্র বলেছে, ইউনিয়নে চারটি সরকারি ও চারটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উচ্চবিদ্যালয় রয়েছে একটি। একটি দাখিল, একটি হাফিজিয়া ও পাঁচটি ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই রয়েছে শিক্ষকসংকট। গোটা ইউনিয়নে মাত্র ১০ কিলোমিটার রাস্তা পাকা। এক হাজার ৮৬৮ হেক্টর জমির মধ্যে আবাদি এক হাজার ৫৮০ হেক্টর। ৯৫ শতাংশ মানুষ কৃষিনির্ভর।ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, কলেজ না থাকার কারণে মেয়েরা মাধ্যমিক স্তর পেরিয়ে লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হয়। তিনি বলেন, পিছিয়ে পড়া এলাকা হিসেবে সরকারি বরাদ্দ বাড়ানো দরকার।কাঁটাতারের বেড়া দেওয়া করিডরের পরিবর্তে দহগ্রাম-আঙ্গরপোতার মানুষের জন্য উড়ালপথ হবে একদিন। যদিও সেই পথের কাজ আজও শুরু হয়নি। এলাকার মানুষ জানেই না, কেন্দ্রীয় পর্যায়ে তাদের জন্য এমন একটি সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে।