র্যাবের গুলিতে কলেজছাত্র লিমন হোসেন আহত হওয়ার ঘটনায় তার মায়ের করা অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন ঝালকাঠির একটি আদালত। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান গতকাল রোববার এই আদেশ দেন। আদালত আদেশের অনুলিপি জেলা পুলিশ সুপারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন।এর আগে ১০ এপ্রিল একই আদালত লিমনের মা হেনোয়ারা বেগমের আরজির পরিপ্রেক্ষিতে ঝালকাঠির রাজাপুর থানাকে নালিশি অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছিলেন। কিন্তু ১৫ দিনেও তা মামলা হিসেবে লিপিবদ্ধ করেনি পুলিশ। গতকাল মামলা না নেওয়ার বিষয়টি লিখিত আকারে আদালতকে জানান হেনোয়ারা বেগম। আবেদনে তিনি এ অভিযোগ এজাহার হিসেবে রাজাপুর থানায় গ্রহণের জন্য পুনর্নির্দেশ দেওয়ার এবং তা আদালতকে অবহিত করার আদেশ প্রার্থনা করেন।লিমনের মায়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নাসিমুল হাসান, শামীম আলম, মানিক আচার্য ও হাসান সিকদার। তাঁরা আদালতে বলেন, লিমনের মায়ের নালিশি অভিযোগ রাজাপুর থানার ওসি হাতে পেয়ে ১৫ দিনেও মামলা হিসেবে রেকর্ড না করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। তাঁর এই ধৃষ্টতা আদালত অবমাননার শামিল।পরে আদালত ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। আদালতের আদেশে বলা হয়, অন্যান্য মামলা আদালত থেকে থানায় পাঠানোর সঙ্গে সঙ্গে তা রেকর্ড করা হয়, অথচ এই মামলা ব্যতিক্রম, যা অনাকাঙ্ক্ষিত। আদালতের নির্দেশ সত্ত্বেও মামলা রেকর্ড না করায় বিভিন্ন মহলে নানা রকম আলোচনা হচ্ছে, যাতে আদালতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। আদালতের নির্দেশ নিদিষ্ট সময়ের মধ্যে পালন না করায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হচ্ছে।আদালতের আদেশের পর লিমনের মা বলেন, থানার পুলিশ মামলা নিতেই গড়িমসি করে। মামলা নেওয়ার পর তারা র্যাবের বিরুদ্ধে আদৌ কী তদন্ত করবে, তা নিয়ে তিনি সন্দিহান।ঝালকাঠির আদালত সূত্র জানায়, লিমনের মা তাঁর ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ এপ্রিল বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ ছয় সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত শুনানি শেষে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নালিশি অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের এ আদেশ ১০ এপ্রিল সন্ধ্যায় রাজাপুর থানায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু গতকাল পর্যন্ত নালিশি অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করেননি রাজাপুর থানার ওসি।লিমনের মা ও বাবা গত শনিবার ঢাকায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আদালতের আদেশের পরও পুলিশ মামলা নেয়নি। উল্টো তাঁদের ছেলেকে সন্ত্রাসী সাজানোর চেষ্টা করছে।লিমনের ঘটনায় ইতিমধ্যে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, লিমন সন্ত্রাসী নয়, সে ঘটনার শিকার হয়েছে। কিন্তু তার পরও লিমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়নি। মহাপরিচালকের ওই বক্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দেয়, লিমন সন্ত্রাসী না হলে ওই ঘটনায় যে অস্ত্র উদ্ধার দেখানো হয়েছিল, তা এল কী করে?২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে কলেজছাত্র লিমন বাড়ির কাছের মাঠ থেকে ফেরার পথে র্যাব তার পায়ে গুলি করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা তার পা কেটে ফেলতে বাধ্য হন। লিমন এখনো পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।