২৪ ঘণ্টার মধ্যে ফুটপাতের আমের মেলা উচ্ছেদের নির্দেশ
রাজধানীতে জনসাধারণের পথ চলাচল নিশ্চিত ও যানজটমুক্ত রাখতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাত থেকে আমের মেলাসহ সব ধরনের দোকান উচ্ছেদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২৪ ঘণ্টার মধ্যে এসব দোকান নিজ নিজ সংগঠন না সরালে সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে এগুলো অপসারণ করবে। আজ সোমবার রাজধানীর যানজট নিরসনের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটপাত দখলমুক্ত করা ছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে যেখানে-সেখানে লাগানো ব্যানার, তোরণ ও ফেস্টুন উচ্ছেদেরও সিদ্ধান্ত হয়েছে ওই সভায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সভায় সভাপতিত্ব করেন। সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির সভায় বলেন, বিভিন্ন সড়ক ও অলিগলিতে লাগানো ব্যানার, ফেস্টুন এবং তোরণের কারণে ট্রাফিক সিগন্যাল দেখা যাচ্ছে না। এতে দুর্ঘটনার ঘটছে। তিনি বলেন, রাজধানীকে যানজটমুক্ত রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও সংবাদমাধ্যমসহ সবাইকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। ফ্লাইওভারের কারণে জনদুর্ভোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্দিষ্ট সময়ের আগেই কাজগুলো করার চেষ্টা করছে। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে আমের মেলা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। এ কারণে আমরা এসব মেলা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্টদের এসব দোকান সরিয়ে ফেলতে হবে। এ ছাড়া ফুটপাতে এসব মেলা বরাদ্দের নির্দেশ কারা, কোন প্রক্রিয়ায় দিয়েছিলেন, এর ফলে কারা লাভবান হয়েছে সেটিও খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে রাজশাহীর আমের মেলা চলছে। এর ফলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সৃষ্টি হচ্ছে যানজট। এ নিয়ে গত ২৬ জুন প্রথম আলোয় ‘আম বাণিজ্যের জন্য ছাত্রলীগকে ফুটপাত বরাদ্দ দিল ডিসিসি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।