২৪ ঘণ্টার মধ্যে বুয়েট খোলার জন্য রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ৪৪ দিন ছুটি ঘোষণা এবং চলমান আন্দোলন নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ২৪ ঘণ্টার মধ্যে বুয়েট বন্ধের আদেশ প্রত্যাহারের নির্দেশনাও চাওয়া হয়েছে। বুয়েটের ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করতে শিক্ষাসচিবের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ রোববার জনস্বার্থে রিট আবেদনটি করেন। কাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিট আবেদনে শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকসহ আটজনকে বিবাদী করা হয়। রিট আবেদনে ১০ জুলাই ৪৪ দিনের জন্য বন্ধ ঘোষণাসংক্রান্ত উপাচার্যের আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আরজি জানানো হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বুয়েট ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষা করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশেও বিবাদীদের প্রতি নির্দেশনার আরজি জানানো হয়েছে রিটে। এ ছাড়া বুয়েটে চলমান আন্দোলন দমনে ও ১১ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বুয়েট বন্ধ ঘোষণার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপাচার্য এবং সহ-উপাচার্যের কার্যক্রমে স্থগিতাদেশ এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের আন্দোলনে অংশগ্রহণে নিষেধাজ্ঞাও চাওয়া হয়।পরে রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, বর্ষাকালে বুয়েটে ৪৪ দিনের গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে। অথচ বুয়েটে গ্রীষ্মকালীন কোনো ধরনের ছুটি নেই। সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির জন্য কার্যক্রম শুরু হয়েছে। তবে বুয়েটে এখনো ভর্তির বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এ ছাড়া ধর্মঘটের কারণে অনেক শিক্ষার্থীর মূল্যবান সময় নষ্ট হচ্ছে ও সেশনজট তৈরি হওয়ার আশঙ্কা আছে। এ ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট আবেদনটি করা হয়। কাল সোমবার আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।