প্রতিবাদী তারুণ্য আবার শাহবাগে, টানা অবস্থানের ঘোষণা
২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুর রহমানের গ্রেপ্তার দাবি
রাজধানীসহ সারাদেশে আজ শুক্রবার জামায়াত-শিবিরের সহিংসতার পর আবারও ২৪ ঘণ্টা শাহবাগের গণজাগরণ মঞ্চে থাকার ঘোষণা দিয়েছেন শাহবাগের প্রতিবাদী তরুণরা। একই সঙ্গে এই সহিংসতার নেপথ্যে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকাকে চিহ্নিত করে এর সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।আজ সন্ধ্যায় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে এসব ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে হামলাকারী এবং জাতীয় পতাকা অবমাননাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আন্দোলনকারীরা।পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ শাহবাগে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত ছিল। দুপুরে ওই কর্মসূচি শুরু হয়। তবে জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে জামায়াত-শিবিরের নেতৃত্বে ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীরা সহিংস তাণ্ডব চালায়। তারা দেশের বিভিন্নস্থানে গণজাগরণ মঞ্চ, শহীদ মিনার এবং প্রেসক্লাবেও হামলা চালিয়েছে। অনলাইন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলসহ ফেসবুক ও ব্লগে এ খবর জেনে ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণরা। এরপর বেলা আড়াইটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তরুণেরা আবারও শাহবাগে জড়ো হতে শুরু করেন। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে স্লোগান ও মিছিল চলতে থাকে। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে স্লোগান দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হন। তারা শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। রাস্তায় লাল রং দিয়ে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি’ এবং ‘ধর্মভিত্তিক উগ্র রাজনীতি নিষিদ্ধের দাবি’ লিখে তাঁরা। এরপর মুহূর্তের মধ্যেই সেখানে জড়ো হন হাজারো জনতা। তাঁরা রাজপথে থাকার স্লোগান দিচ্ছেন। পরে এই আন্দোলনের সংগঠক ছাত্রনেতারা এবং ব্লগার ইমরান এইচ সরকারও নবজাগরণ মঞ্চে আসেন। সন্ধ্যার পর প্রতিবাদী মানুষের সংখ্যা বাড়তে থাকে জাগরণ মঞ্চে। বাড়তে থাকে স্লোগানের শব্দ। গণজাগরণ চত্বরের মূলমঞ্চ থেকে আগের স্লোগানগুলোর সঙ্গে এবার যুক্ত হয় ‘শহীদ মিনারে হামলা কেন? জামাত শিবির জবাব চাই’।সন্ধ্যা ছয়টার দিকে ব্লগার ইমরান এইচ সরকার তাঁর বক্তব্যে বলেন, ‘শুক্রবার সারা দেশে যে তাণ্ডব হয়েছে তাতে উসকানি দিয়েছে জামায়াত শিবিরের পত্রিকা আমার দেশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’ এখন থেকে আবার ২৪ ঘণ্টা শাহবাগের অবস্থান কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে ইমরান বলেন, ‘যারা আমদের শহীদ মিনারে আগুন দেয়, সেই স্বাধীনতাবিরোধীদের সারাদেশে প্রতিহত করতে হবে। সাধারণ মানুষকে অনুরোধ আপনারা রাজপথে নামুন। প্রতিরোধ গড়ে তুলুন।’ ‘আমার দেশ’, ‘নয়া দিগন্ত’ ও দিগন্ত টিভিকে প্রতিহত করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আজ দেশের বিভিন্নস্থানে গণমাধ্যমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান ইমরান। গণস্বাক্ষর কর্মসূচিবৃহস্পতিবার সন্ধ্যায় প্রজন্ম চত্বরের মহাসমাবেশ থেকে আন্দোলনকারীরা জামায়াত-শিবিরের নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচি অনুযায়ী সব মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি এবং জামায়াতের নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুর থেকে মিডিয়া সেলে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এখনো ওই কর্মসূচি চলছে। এছাড়া গতকাল শহীদদের স্মরণে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার কর্মসূচি ছিল। ওই কর্মসূচি অনুযায়ী, দেশের অনেক মসজিদে গতকাল শহীদদের স্মরণে দোয়া হয়। এ ছাড়াও রাজধানীর বৌদ্ধ মন্দিরে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ মন্দিরের চার ভিক্ষু এ প্রার্থনা পরিচালনা করেন। তাঁরা জানান, গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ও ভাষা আন্দোলনে শহীদ এবং সাম্প্রদায়িকতার কারণে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি চেয়ে তাঁরা প্রার্থনা করছেন। এদিকে টানা ১৭ দিন আন্দোলনের কারণে বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে রাজধানীর শাহবাগ দিয়ে সব রাস্তায় যান চলাচল শুরু হয়েছিল। তবে বিকেলে আবারও যান চলাচল বন্ধ হয়ে যায়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেল থেকে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। টানা সেই কর্মসূচি শুক্রবারের মহাসমাবেশের পর শেষ হয় এবং মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং এরপর মিরপুর, মতিঝিল, বাহাদুর শাহ পার্ক ও যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ হওয়ার কথা। এই আন্দোলনের সংগঠকদের একজন খান আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, শুক্রবার যারা দেশের বিভিন্নস্থানে তাণ্ডব চালিয়েছে, যারা শহীদ মিনারে হামলা চালিয়েছে, জাতীয় পতাকা অবমাননা করেছে তাদের দ্রুত শাস্তি চান তাঁরা। এছাড়া তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিও চলবে।