২৪ ঘণ্টার মধ্যে লিমনের মামলা নেওয়ার নির্দেশ
র্যাবের গুলিতে আহত ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের মা হেনোয়ারা বেগমের নালিশি অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতের এ নির্দেশের অনুলিপি পুলিশ সুপারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লিমনের মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান আজ রোববার এ আদেশ দেন।প্রসঙ্গত, ১০ এপ্রিল হেনোয়ারা বেগম বাদী হয়ে তাঁর ছেলে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুত্ফর রহমানসহ র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক নুসরাত জাহান অভিযোগের শুনানি শেষে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নালিশি অভিযোগ এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। আদালতের এ আদেশ ১০ এপ্রিল সন্ধ্যায় রাজাপুর থানায় পৌঁছে দেওয়া হয়। ১৫ দিন পরও নালিশি অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করেনি রাজাপুর থানার ওসি।লিমনের মা হেনোয়ারা বেগম মামলা না নেওয়ার বিষয়টি লিখিত অভিযোগ আকারে আদালতকে জানান। আবেদনে নালিশি অভিযোগটি এজাহার হিসেবে রাজাপুর থানায় নেওয়ার জন্য পুনর্নির্দেশ এবং তা আদালতকে অবহিত করার আদেশ প্রার্থনা করা হয়।লিমনের মায়ের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন নাসিমুল হাসান, শামীম আলম, মানিক আচার্য ও হাসান সিকদার। আদালতকে আইনজীবীরা বলেন, লিমনের মায়ের নালিশি অভিযোগ রাজাপুর থানার ওসি হাতে পেয়ে ১৫ দিনেও মামলা হিসেবে রেকর্ড না করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। তাঁর এই ধৃষ্টতা আদালত অবমাননার শামিল। আদালতের নির্দেশ কার্যকর না হলে বিচার বিভাগের প্রতি মানুষ আস্থা হারাতে পারে।লিমনের মা হেনোয়ারা বেগম ও বাবা তোফাজ্জল হোসেন ঝালকাঠির আদালতে সাংবাদিকদের বলেন, থানা-পুলিশ মামলা নিতেই এত গড়িমসি করছে। মামলা নেওয়ার পর তারা র্যাবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজছাত্র লিমন হোসেন বাড়ির কাছের মাঠ থেকে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে আহত হন।